নিপসমের গবেষণা
যক্ষ্মারোগীদের এইডস আক্রান্তের হার খুব কম
দেশে ১২ হাজার ৬৫ যক্ষ্মারোগীর মধ্যে ১২ জন এইডসে আক্রান্ত।
দেশে যক্ষ্মারোগীদের মধ্যে এইডসে আক্রান্তের হার খুবই কম, শূন্য দশমিক ১ শতাংশ। হাজারে একজন যক্ষ্মারোগী এইচআইভি-এইডসে আক্রান্ত হয়েছেন। যেসব যক্ষ্মারোগীর শরীরে যক্ষ্মার ওষুধ কাজ করে না, তাঁরা এইডসে আক্রান্ত বলে প্রমাণও পাওয়া যায়নি।
যক্ষ্মারোগীদের এইডসে আক্রান্ত নিয়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) করা এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে গতকাল সোমবার সকালে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের টিবি-ল্যাপস অপারেশন প্ল্যানের সৌজন্যে গবেষণায় অর্থায়ন করেছে দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলসিস অ্যান্ড ম্যালেরিয়া।
‘এইচআইভি সেরো সার্ভে অ্যামং টিউবারকিউলসিস পেশেন্টস ইন বাংলাদেশ- ২০১৯-২০২০’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের ১২ হাজার ৬৫ জন যক্ষ্মারোগীর নমুনা পরীক্ষা করা হয়। ওই যক্ষ্মারোগীদের মধ্যে ১২ জন এইডসে আক্রান্ত। তাঁদের মধ্যে চারজন গৃহিণী, যাঁদের রক্তসঞ্চালন বা অস্ত্রোপচারের কোনো ইতিহাস নেই। তাঁরা সঙ্গীর মাধ্যমে এইডসে আক্রান্ত হয়েছেন বলে গবেষকদের ধারণা। যক্ষ্মারোগীদের মধ্যে এইডসে বেশি আক্রান্ত পরিবহনশ্রমিক (০.৫ শতাংশ) ও দিনমজুরেরা (০.৩ শতাংশ)।
নমুনা সংগ্রহকারীদের ৫৬ শতাংশ পুরুষ, ৪৩ দশমিক ৮ শতাংশ নারী ও শূন্য দশমিক ২ শতাংশ তৃতীয় লিঙ্গ। গবেষণার তথ্যমতে, দেশে তৃতীয় লিঙ্গের ব্যক্তি, যাঁরা যক্ষ্মারোগে আক্রান্ত, তাঁদের কেউ এইডসে আক্রান্ত হননি।
গবেষণা ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গবেষণায় এসেছে, শিক্ষিত লোকেরা যক্ষ্মায় কম আক্রান্ত। সচেতনতার কারণে এমনটা হতে পারে। যক্ষ্মায় আক্রান্ত মায়ের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আছে। এসব ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের সভাপতি নিপসমের পরিচালক অধ্যাপক বায়জীদ খুরশিদ প্রতিবেদনটি তুলে ধরেন বলেন, দেশে যক্ষ্মারোগের চিকিৎসার সাফল্য ভালো। তবে জনসংখ্যাবহুল রাষ্ট্রে যক্ষ্মাকে এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত। তবে যক্ষ্মারোগীদের এইডসে সংক্রমণের হার কম, যা স্বস্তির বিষয়। যক্ষ্মারোগীদের এইডস হলে তা চিকিৎসায় সুস্থ করা কঠিন।