সাধারণ মানুষের চেয়ে কারাবন্দীদের মধ্যে যক্ষ্মায় আক্রান্তের হার ২০ গুণ বেশি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীদের ওপর গবেষণা করে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই তথ্য দিয়েছে।গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবিতে অনুষ্ঠিত দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে গৃহীত সহযোগিতামূলক কর্মসূচির অন্তর্বর্তীকালীন মূল্যায়ন কর্মশালায় ওই গবেষণার ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী সায়েরা বানু। কর্মশালায় এ রকম ১০টি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।সায়েরা বানু বলেন, কারাবন্দীদের যেকোনো সংক্রামক রোগের ঝুঁকি বেশি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই হাজার ৬৩২ জন কারাবন্দী থাকার ব্যবস্থা আছে, কিন্তু থাকে ১০ হাজারের মতো। প্রতিদিন প্রায় ২০০ নতুন কারাবন্দী এখানে আসে এবং একই পরিমাণ কারাবন্দী ছাড়া পায়। তিনি বলেন, ওষুধ প্রতিরোধী যক্ষ্মার (এমডিআর টিবি) প্রকোপও কারাগারে বেশি। পৃথক উপস্থাপনায় এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী কে. জামান বলেন, দেশে এমডিআর যক্ষ্মায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১০ হাজার।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান বলেন, উন্নত ও উন্নয়নশীল দেশের প্রতিটি শিশুই রোটা ভাইরাসে আক্রান্ত হয়। আক্রান্ত প্রতি পাঁচটি শিশুর একটিকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, সারা বছর রোটা ভাইরাসের সংক্রমণ হলেও শীতকালে প্রকোপ বাড়ে।‘ইম্প্রুভড হেলথ ফর দি পুওর: হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন রিসার্চ’ শীর্ষক প্রকল্পটি আইসিডিডিআরবির এযাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্প পরিচালক ইশতিয়াক এ জামান বলেন, সাত বছর মেয়াদি এ প্রকল্পে ৬৯ কোটি টাকার আর্থিক সাহায্য দিয়েছে জাপান সরকার। এক বছর বাড়ানোর পর আগামী বছর জুনে এই প্রকল্প শেষ হবে। এই প্রকল্পে ৩০টি গবেষণাকাজ শেষ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক অধিদপ্তর-প্রতিষ্ঠান এ প্রকল্পে জড়িত ছিল। আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত পরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, এ প্রকল্পে বিনিয়োগ অনেক বেশি ছিল। কিন্তু লাভ হয়েছে বিনিয়োগের চেয়ে অনেক বেশি। আইসিডিডিআরবি সহযোগীদের কাছ থেকে অনেক কিছু শিখেছে। একইভাবে প্রকল্পে একসঙ্গে কাজ করে সহযোগীরাও অনেক কিছু শিখেছে আইসিডিডিআরবির কাছ থেকে।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকার ও আইসিডিডিআরবির মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীরতর হলো। অনুষ্ঠানে পুষ্টি, সংক্রামক ব্যাধি, প্রশিক্ষণ এসব বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকেরা। আইসিডিডিআরবির পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ বলেন, শিশুদের জন্য আমদানি করা দুধ সম্পূর্ণ নিরাপদ নয়। অন্তত একটি দুধের নমুনায় ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে।