যক্ষ্মায় নাটোরে দুই বছরে ৬৬ জনের মৃত্যু
সরকারি খরচে চিকিৎসার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও নাটোরে দুই বছরে যক্ষ্মায় আক্রান্ত হয়ে ৬৬ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্তকরণের সরকারি লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ নির্ধারণ করা হলেও নাটোরে অর্জনের হার মাত্র ৫১ শতাংশ। লোকবলের অভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বছর জেলায় ১৩ হাজার ২৭৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে যক্ষ্মায় আক্রান্ত স্বাভাবিক (পজিটিভ) রোগী পাওয়া যায় ৮৮১ জন। অস্বাভাবিক (নেগেটিভ) রোগীর সংখ্যা ৩০ এবং অতি-অস্বাভাবিক (এক্সট্রাপালমোনারি) রোগীর সংখ্যা ২১৪। ২০১০ সালে এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা যায় ৩৮ জন। ২০০৯ সালে পজিটিভ রোগীর সংখ্যা ছিল ৮৭৩। এর মধ্যে মারা যায় ২৮ জন।বেসরকারি সংগঠন লেপ্রা (লেপ্রোসি রিলিফ অ্যাসোসিয়েশন বা কুষ্ঠমুক্ত জনসমাজ) নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার মধ্যে নাটোর সদর উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত বছর জেলায় ৮৮১ জন পজিটিভ রোগীর মধ্যে শুধু নাটোর সদরেই আক্রান্ত হয়েছে ২০৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী রয়েছে সিংড়া উপজেলায়। এখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৭। লেপ্রা বাংলাদেশ নাটোর কার্যালয়ের সমন্বয়কারী শাখাওয়াত হোসেন জানান, যক্ষ্মায় নারীদের চেয়ে পুরুষেরাই বেশি আক্রান্ত হচ্ছে। নাটোর বক্ষব্যাধি হাসপাতালের পরামর্শক মাসুদুর রহমান বলেন, স্বাস্থ্যশিক্ষায় ঘাটতি, ঘনবসতি এবং পুষ্টিকর খাদ্যের অভাব রয়েছে এমন এলাকার মানুষের যক্ষ্মায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। নাটোর ও সিংড়া উপজেলায় জনসংখ্যা যথাক্রমে তিন লাখ ৭৩ হাজার ৭১৭ এবং তিন লাখ ৬৩ হাজার ১৫৩। ঘনবসতিপূর্ণ এ দুই উপজেলায় স্বল্প আয়ের মানুষের বসবাস বেশি, তাই আক্রান্ত রোগী বেশি পাওয়া যায়।