যখন বাবার চোখের জল পড়ে গড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ছেলেমেয়ে নিয়ে টানাটানির সংসার। এর মধ্যেই এক ছেলে ও মেয়েকে বিএ পাস করিয়েছেন। বড় ছেলে পুলিশে চাকরি পেয়েছেন। মেয়েটির বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে নাজমুলকে ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল মা-বাবার। কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ায় সে গুড়ে বালি। নেশার টাকা না পেয়ে গতকাল বৃহস্পতিবার মায়ের গায়ে হাত তুলতেও কসুর করেননি তিনি। তাই তাঁকে ধরে বেঁধে আনা হয় ভ্রাম্যমাণ আদালতে।
গতকাল বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন নাজমুলকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই রায় শোনার পর নাজমুলের বাবার চোখ থেকে গড়িয়ে পড়ে জল।
নাজমুলের বাড়ি নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায়। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন। তিনি একসময় চেরাই কাঠ ও আসবাব বিক্রি করতেন। এখন মুঠোফোনে টাকা রিচার্জ করে জীবিকা নির্বাহ করেন।
আনোয়ার প্রথম আলোকে জানান, নাজমুল ছোটবেলা থেকেই সঙ্গ দোষে বখে যান। পরে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকা জোগান দিতে গিয়ে সংসারের ঘটিবাটি, থালাবাসনসহ নানা রকম পণ্য নিয়ে বিক্রি করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। এর আগেও তাঁকে পুলিশে দেওয়া হয়েছিল। তিন মাস কারাভোগ করেছিলেন নাজমুল।
গতকাল সকালে মাদক সেবনের জন্য আবারও উন্মত্ত হয়ে ওঠেন নাজমুল। বাবা তখন বাড়িতে ছিলেন না। এ সুযোগে একটি খাট ও টেলিভিশন ভেঙে ফেলেন। মাকে মারধর করেন। পরে তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন বলেন, মাসে গড়ে ১০ জনকে মাদক আইনে সাজা দেওয়া হচ্ছে। একই সঙ্গে চলছে মাদকবিরোধী অভিযান, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, উপজেলাজুড়েই মাদকের ব্যবহার উদ্বেগজনক।