যখন রাষ্ট্রপতির দোহাই দেন, তখন কষ্ট লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের মধ্যে সবার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। যখন রাষ্ট্রপতির মতো শ্রদ্ধেয় ব্যক্তির দোহাই দেন, তখন কষ্ট লাগে। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের বিষয়ে রাষ্ট্রপক্ষ আবার সময়ের আবেদন দাখিল করলে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
এর আগে গত ২৮ মার্চ রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহ সময় দিয়ে ৪ এপ্রিল দিন রাখেন। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগে বিষয়টি আদেশের জন্য ছিল।
গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময়ের আবেদন জানান। এ সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সব সময় আপনার মুখে হাসি দেখতে পাই। তবে এই ম্যাটারটি (মামলা) শুনানির জন্য আসলে আপনি আদালতে মাথা নিচু করে থাকেন।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপনারা ভাবেন আমিই হয়তো করছি না। আইন মন্ত্রণালয় আশা করছে দুই সপ্তাহের মধ্যে কার্যকর হবে।’
আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘আপনি যেটা বললেন, সেটা ঠিক থাকবে তো? আমরা ৮ মে পর্যন্ত সময় দিলাম। এরপর আর কোনো অজুহাত থাকবে না বলে আশা করি। যা-ই হোক, আপনার হাসিটা যাতে মিলিয়ে না যায়। কষ্ট লাগে, যখন আপনি মাথা নিচু করে থাকেন।’
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নেয়। আপিল বিভাগের নির্দেশে গত ১২ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিব আদালতে হাজির হন। এর এক দিন আগে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রস্তাবিত খসড়া গেজেট প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। ওই দিন আপিল বিভাগ বলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, এখানে কোনো আপস নেই। ১২ ডিসেম্বর আদালত গেজেট প্রকাশের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেন। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময়ের আবেদন করে।