যজ্ঞেশ্বর হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর হত্যাকাণ্ড মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু মনসুর মো. জিয়াউল হকের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বেলা সাড়ে তিনটা পর্যন্ত মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের সময় মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব ওরফে আন্ধী, আলমগীর হোসেন, রমজান আলী, খলিলুর রহমান ও হারেস আলীকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান জানান, ‘দেবীগঞ্জের যজ্ঞেশ্বর হত্যা মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আগামী ২০ ফেব্রুয়ারি আবারও সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন।’
২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জের শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। এ ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন তাঁর বড়ভাই রবীন্দ্রনাথ রায়। দেবীগঞ্জ থানা-পুলিশ ১০ জনের নামে ২০১৬ সালের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ আসামির মধ্যে ৪ জন বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এক আসামি এখনো পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।