যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন
পঞ্চগড়ে হিন্দু মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
প্রথম আলোর পাবনা অফিস জানায়, যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ দুপুরে পাবনার আবদুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করে। এতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলার সহসভাপতি কৃষ্ণ কুমার সান্যাল বলেন, বারবার সংখ্যালঘুদের ওপর হামলায় তাঁরা ভীত হয়ে পড়ছেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক কর্মী এস কে দাশ সুমন। বক্তারা সংখ্যালঘু নির্যাতন ও মুক্ত চিন্তকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় ইস্কন, শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ, গ্রিনলিফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ওয়ার্কার্স পার্টি, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনের জেলা ও মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে ইস্কন সিলেট, শারদাঞ্জলী ফোরাম সিলেট, অগ্নিবীর সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘সনাতন বিদ্যার্থী সংসদ’-এর শিক্ষার্থীরা অংশ নেন।