
সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিরোধী দলকে হুঁশিয়ার করে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তায় যত রকমের কঠোর হওয়া দরকার, তত কঠোর হব।’
নির্বাচনের পাঁচ দিনের মাথায় গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘অনেক খেলা দেখিয়েছেন। এবার ক্ষান্ত দেন। নির্বাচন ঠেকাতে চেয়েছেন, পারেননি। কয়েকটা রাজাকার আর যুদ্ধাপরাধীদের নিয়ে দেশের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। তাই অযথা মানুষের ক্ষতি করবেন না। কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘আর মানুষকে যন্ত্রণা দেবেন না। অনেক মানুষ হত্যা করেছেন। যদি কিছু বলার থাকে, আলোচনা করে সমাধান করা যাবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। এটা বন্ধ না করলে কীভাবে বন্ধ করতে হয়, তা আওয়ামী লীগের জানা আছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে আসেননি, ভুল করেছেন। ভুলের খেসারত আপনাকেই দিতে হবে। আপনার অন্তর্জ্বালায় মানুষকে ছারখার করবেন, তা জনগণ মেনে নেবে না।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রীকে অনুরোধ করব, লাদেনের মতো একটা ভিডিওবার্তা দিয়ে বাংলাদেশের মানুষকে আর কষ্ট দেবেন না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না। আবার মানুষ নিয়মিত সব কাজ করতে পারবে। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে।’
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দেওয়ায় তাদের ওপর হামলা হচ্ছে। ২০০১ সালে তারা নির্বাচনে বিজয়ী হয়েও এ রকম করেছে। কেন এই নিরপরাধ মানুষগুলোর ওপর হামলা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘২০০১ সালে আমরা বিরোধী দলে ছিলাম। এখন সরকারে আছি, এটা মনে রাখতে হবে। যেখানে যেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। তিনি আমাকে সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ অনুযায়ী ১২ জানুয়ারি নতুন সরকার শপথ গ্রহণ করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী বলেছিলেন, আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসবে না। আমি প্রধানমন্ত্রী দূরের কথা, বিরোধীদলীয় নেতাও হতে পারব না। বিএনপি যখন যা বলে তা হয়, তবে তা আওয়ামী লীগের ওপর নয়, তাদের ওপরই হয়। তিনি অভিশাপ দেন আওয়ামী লীগের ওপর, পড়ে তাঁর ওপর।’ তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। এ বিচার সম্পন্ন করব। বিচারের রায়ও কার্যকর করব। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করব।’
বিএনপি স্বাধীনতাবিরোধী প্রধান দল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেবল জামায়াত স্বাধীনতাবিরোধী দল নয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখন প্রধান স্বাধীনতাবিরোধী দল। তিনি বলেন, দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘যারা একবার পরাজিত হয়, তারা বারবার পরাজিত হয়। জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ৫ জানুয়ারির নির্বাচন না করে খালেদা জিয়া আবার পরাজিত হয়েছেন।’
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।