যত খুশি গাড়ি রাখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পরিবার যত খুশি তত গাড়ি রাখবে, এই নিয়ম আর থাকবে না। একটি পরিবার সর্বোচ্চ কয়টি গাড়ি রাখতে পারবে, তার সীমা নির্ধারণের প্রস্তাব করে সড়ক পরিবহন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন মন্ত্রী। সাংসদ হাজি সেলিমের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, একটি পরিবারে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না বলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স, ১৯৮৩-এর পরিবর্তে দুটি ভিন্ন আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। এর একটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, অন্যটি সড়ক পরিবহন আইন। খসড়া সড়ক পরিবহন আইনে পরিবারপ্রতি গাড়িসংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গাড়িচালকদের প্রশিক্ষণ দরকার। তাঁরা স্টিয়ারিং ধরেই গাড়ি চালাতে চান, নিয়মশৃঙ্খলা মানতে চান না। ফ্রি স্টাইলে চলতে চান। এ ব্যাপারে মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তরীকত ফেডারেশনের নজিবুল বশরের এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেনের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। ১৪টি বাইপাস, ২৩টি সেতু ও ২৩০টি কালভার্ট নির্মাণের কাজও শেষ হয়েছে। আগামী মে মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম চার লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে মন্ত্রী আশা করছেন।
সরকারি দলের সিরাজুল ইসলাম মোল্লার প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২১ হাজার ৩০২ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৮১২ কিলোমিটার।