স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যত দিনই লাগুক পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে গতকাল শনিবার ভোরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) সৈয়দ আশরাফ সাংবাদিকদের এসব কথা বলেন। টুঙ্গিপাড়ায় যাওয়ার আগে তিনি বঙ্গবন্ধু ভবনের সামনে লেকের পাড়ে কোলাজ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আজও প্রদর্শনী চলবে। সমুন্নয় বাংলাদেশ এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক বেশ কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে। কিছু ছবি রয়েছে বঙ্গবন্ধুর যুবক বয়সের। বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে সকাল সাড়ে সাতটায় টুঙ্গিপাড়ার উদ্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মন্ত্রিপরিষদের সদস্যরা রওনা দেন। তাঁদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও আছেন ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাইদ আল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রমুখ।গতকাল সেহিরর পর থেকেই বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ভবনের সামনে জমায়েত হতে থাকেন। সারিবদ্ধ গাড়িবহরও সাজিয়ে রাখা হয় ভোর থেকে। সকাল সাড়ে সাতটার দিকে সব গাড়ি গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।