যত দুর্ঘটনা নরসিংদীর ২০ কিলোমিটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ১৫ জানুয়ারি। একটি সড়ক দুর্ঘটনা স্তব্ধ করে দেয় দেশবাসীকে। ওই দুর্ঘটনায় দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য প্রাণ হারান।পুলিশ ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষস্থলটি ছিল নরসিংদীর শিবপুর উপজেলায়। গত মঙ্গলবার সোহাগ পরিবহনের একটি বিলাসবহুল বাসের সঙ্গে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ১৬ যাত্রী। এই দুর্ঘটনাস্থলটিও শিবপুর। নরসিংদীর সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের দূরত্ব ২৫৫ কিলোমিটার। এর মধ্যে ৫১ কিলোমিটার পড়েছে নরসিংদীতে।এ বছরের ১৫ জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত মহাসড়কের নরসিংদী সদর ও শিবপুর উপজেলার ২০ কিলোমিটারের মধ্যে ঘটেছে আরও অন্তত এক ডজন ছোট-বড় দুর্ঘটনা। বারবার দুর্ঘটনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাটি।নরসিংদী পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর অংশে গত বছর প্রাণ হারায় ৬৪ জন। পঙ্গুত্ববরণ করে ৭৪ জন। তবে পরিবহন ব্যবসায়ীদের হিসাবে এই সংখ্যা প্রায় ১০০-এর কাছাকাছি। চলতি বছরের হিসাব এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে এই সংখ্যা ৫১।খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ১৬ জনের মৃত্যুর আগে ২২ জুলাই ঘটে আরেকটি বড় দুর্ঘটনা। ওই দিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. সালাহউদ্দিন পরিবারের সদস্য নিয়ে পারিবারিক অনুষ্ঠানে প্রাইভেট কারযোগে হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। সদর উপজেলার বাসাইল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেদিন সালাহউদ্দিন বেঁচে গেলেও মারা যান স্ত্রী নুরুন্নাহার ও শাশুড়ি সানজিদা আক্তারসহ পরিবারের পাঁচ সদস্য।গত ২৪ জুন শিবপুর উপজেলার গাবতলীতে দুটি ট্রাকের সংঘর্ষে ঝরে যায় চারটি প্রাণ। ৭ জুন শিবপুরের কুন্দেরপাড়ে সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪৩৫৩০) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শাহ আলম মিয়া ও অজ্ঞাত একজন মারা যান। ২৩ এপ্রিল সদর উপজেলার বাগহাটায় বাস ও লেগুনা পিকআপ ভ্যানের সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র রফিকুল ইসলামসহ তিনজন নিহত হন। ২০ মার্চ শিবপুরে দুটি বাসের সংঘর্ষে প্রাণ যায় চার যাত্রীর। ১০ ফেব্রুয়ারি নরসিংদী সদর উপজেলার ভগীরথপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক কলেজছাত্রীসহ নিহত হয় পাঁচজন।কেন এই দুর্ঘটনানরসিংদীর পুলিশ সুপার আক্কাস উদ্দীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে সবজির হাট বাড়তি সমস্যা। প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ না থাকায় দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না। কম গতির গাড়ি নিয়ন্ত্রণ করা গেলে সমস্যার কিছুটা সমাধান আসতে পারে। আর দ্রুত এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সড়ক-বিভাজক স্থাপন করা ছাড়া বিকল্প নেই।পুলিশ সুপারের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি নরসিংদীর সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অঞ্চলে দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ছোট গতি-প্রতিরোধক অতিক্রম করার সময় ধীর গতিতে গাড়ি না চালানো। এ ছাড়া অবৈধ যান (যেমন-ব্যাটারিচালিত ইজিবাইক, নছিমন, ছোট পিকআপ) চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। তা ছাড়া নজরদারির জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকাও দুর্ঘটনার আরেকটি কারণ।সড়ক বিভাজক সম্পর্কে তাঁর বক্তব্য, ঢাকা-সিলেট মহাসড়ক দুই লেনের, ২৪ ফুট প্রশস্ত। সড়ক বিভাজক দিতে হলে ৪৮ ফুটে নিতে হবে।