যত দুর্ভোগ তিনমাথা-চারমাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী বাসযাত্রীদের দুর্ভোগ-বিড়ম্বনার অপর নাম এখন বগুড়ার তিনমাথা রেলগেট ও চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। অন্য বছরের মতো এবারও ঢাকা-রংপুর মহাসড়কের এই অংশে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ যানজট লেগে ছিল। সকাল থেকেই তিনমাথা থেকে চারমাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে তৈরি হওয়া অসহনীয় যানজটে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
চলন্ত গাড়ি থামিয়ে মালিক-শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে বেপরোয়া চাঁদাবাজি, রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, চারমাথা ও তিনমাথা এলাকায় পদচারী-সেতু না থাকা এবং দ্বিতীয় বাইপাস সড়ক হয়ে গাড়ি চলাচলে চালকদের অনীহাই এই যানজটের কারণ বলে স্থানীয় লোকজন মনে করছেন।
গতকাল সকাল ১০টার দিকে চারমাথা এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা ও রাজধানী অভিমুখী যানবাহনের ঢল। সকাল থেকে চারমাথা এলাকায় দীর্ঘ যানজট। আট থেকে দশজন চালক ও যাত্রী অভিযোগ করেন, চারমাথা এলাকায় যানজটের জন্য মালিক-শ্রমিকেরাই দায়ী।
দিনাজপুর অভিমুখী হানিফ এন্টারপ্রাইজের যাত্রী শাহ কামাল বলেন, ‘ঢাকা থেকে এলাম কোনো যানজট নেই, অথচ বগুড়ায় এসে অসহনীয় যানজট।’ তিনি অভিযোগ করেন, তিনমাথা থেকে চারমাথার দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার। অথচ পৌনে এক ঘণ্টায়ও এটুকু রাস্তা পার হওয়া যাচ্ছে না। মহাসড়ক স্থবির। ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়ছে না।
রংপুর অভিমুখী টিআর ট্রাভেলসের যাত্রী আলী আশরাফ বলেন, গাড়ি চলছে কচ্ছপগতিতে। চারমাথা এলাকায় শত শত বাস মহাসড়কের ওপর দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করছে। অভ্যন্তরীণ রুটের বাসও দখল করে আছে মহাসড়ক। যানজট নিরসনে পুলিশের কোনো তৎপরতা নেই। রংপুর থেকে ছেড়ে আসা সালসালাবিল পরিবহনের চালক হিমেল সরদার বলেন, যানজটে গাড়ির চাকা ঘুরছে না। অথচ ভয়ংকর যানজটের মধ্যে চলছে মালিক-শ্রমিক কল্যাণের নামে বেপরোয়া চাঁদাবাজি। প্রতি বাস থেকে টোকেন দিয়ে ২০০ টাকা চাঁদা তোলা হচ্ছে পুলিশের সামনেই।
বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, তিনমাথা ও চারমাথা হয়ে রাজধানীর ঢাকার পথে রংপুর বিভাগের আট জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ রুটে প্রতিদিন কয়েক হাজার বাস চলাচল করছে। চারমাথা টার্মিনালে চারমুখী রাস্তায় যান পারাপার হওয়া ছাড়াও অসংখ্য অটোরিকশা, রিকশা ও পথচারী পারাপার হন। একই চিত্র তিনমাথা রেলগেট এলাকায়ও। এ দুটি স্থানে পদচারী-সেতু নির্মাণসহ যানজট নিরসনে পরিকল্পিত ট্রাফিক-ব্যবস্থা নিশ্চিত করা দরকার।
হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার ঈসরাইল হাওলাদার প্রথম আলোকে বলেন, তিনমাথা ও চারমাথায় যানজটের সমস্যা সারা বছরের। চারমাথায় ইচ্ছেমতো মহাসড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। চারপাশের রাস্তায় ইচ্ছেমতো গাড়ি ঢুকে। আছে পথচারী পারাপারের সমস্যা। ট্রাফিক ব্যবস্থা বলতে এখানে কিছু নেই। ঈদ উপলক্ষে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আর তিনমাথা রেলক্রসিংয়ে শহরমুখী ও শহর থেকে যাতায়াতকারী যানবাহনের কারণেই মহাসড়কে যানজট তৈরি হচ্ছে।