
সুনামগঞ্জের তাহিরপুর-বাদাঘাট সড়কটি তাহিরপুর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এটির দূরত্ব সাত কিলোমিটার। সড়কটির ৫২০ মিটার ছাড়া পুরোটাই পাকা। এই কাঁচা অংশটুকু নিচু হওয়ায় প্রতিবছর বর্ষায় তলিয়ে যায়।
এলাকাবাসী বলছেন, বছর বছর তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হলেও সড়কটির ওই অংশটুকু সংস্কার বা পাকা করা হচ্ছে না। এ কারণে সীমাহীন দুর্ভোগে পড়ছেন লোকজন।
এ বিষয়ে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন বলেন, ‘প্রতিরক্ষাদেয়াল তৈরি করে ওই অংশটুকুর কাজ করতে হবে। আমরা স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বলেছি। সাংসদ বলেছেন, তিনি পুরো সড়কের সংস্কারকাজের ব্যাপারে চেষ্টা করছেন। সম্প্রতি সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে আবার সড়কটি দেখিয়েছি। এখন দেখি ওনারা কী উদ্যোগ নেন।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া বৌলাই নদের দক্ষিণ পাড়ে থানা ভবন, উত্তর পাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। থানার পশ্চিমে তাহিরপুর-বাদাঘাট সড়কে বৌলাই নদের ওপর একটি সেতু। সদর বাজার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতে সড়কটি ধরে সেতু পার হতে হয়। সেতুর পরে সূর্যেরগাঁও গ্রাম। সেতুটির পর থেকে সূর্যেরগাঁওয়ের উত্তরে ৫২০ মিটার সড়ক কাঁচা ও নিচু। এরপর পাকা সড়ক। তারপর বাদাঘাট।
সূর্যেরগাঁও গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, সড়কটির কারণে উপজেলা প্রশাসনের লোকজন, উপজেলা পরিষদের প্রতিনিধি—সবার সামনেই মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তবু এটি সংস্কারে কেউ উদ্যোগ নেন না। আশপাশের অনন্ত ২০টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন।
উপজেলা সদরের বাসিন্দা ও স্কুলশিক্ষক গোলাম সরোয়ার বলেন, সড়কটির ওই অংশটুকু ছাড়া বাকি সাত কিলোমিটার পাকা। শুধু উপজেলা সদরের প্রবেশমুখে সামান্য অংশ কাঁচা। এই স্থানটুকু নিচু হওয়ায় বর্ষা হলেই তলিয়ে যায়। তখন মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ভোগান্তির কথা বাদই দিলাম, এলাকার নেতারা কি তাঁদের লোকজনের কথা ভাবেন না? একজন মুমূর্ষু রোগীকে কীভাবে এখানে নিয়ে আসা হয়, নারী-শিশুরা কীভাবে এ সড়ক দিয়ে চলাচল করেন—এইটা ভাবার কোনো লোক কি তাহিরপুরে নেই?’
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল প্রথম আলোকে বলেন, এটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। অথচ সামান্য অংশের কারণে মানুষজন দুর্ভোগ পোহাচ্ছেন। আপাতত মানুষের চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদ থেকে বালুভর্তি কিছু বস্তা ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, ‘ওই ৫২০ মিটার কাঁচা সড়ক বৌলাই নদের সেতুর সংযোগ সড়ক ধরে কাজ করার জন্য বছরখানেক আগে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। তা বাতিলও হয়নি, অনুমোদনও হয়নি। আমরা চেষ্টা করব বর্ষার পরই এই ৫২০ মিটার সড়ক পাকা করার।’