যত দ্রুত সম্ভব সংলাপের তাগিদ কূটনীতিকদের
দুই দলকে যত দ্রুত সম্ভব সংলাপে বসার তাগিদ দিয়েছেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকেরা। তাঁরা বলেছেন, সাম্প্রতিক সময়ে সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে তাঁরা কিছু ইতিবাচক অগ্রগতি লক্ষ করেছেন। তাই সংলাপের ব্যাপারে তাঁরা আশাবাদী। কূটনীতিকদের এ বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেছেন, সরকারও সংলাপ চায়। তবে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এমন কথাই বলেছেন। এটা বিবেচনায় নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকারের অবস্থান সম্পর্কে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের অবগত করা হয়। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত রাষ্ট্রদূত, হাইকমিশনার বা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।
প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান উইলিয়াম হানা। তাঁরা দ্রুত সংলাপ শুরু করার ওপর গুরুত্ব দেন।
মজীনা বলেন, গত কয়েক দিনে সহিংসতা কমলেও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দুই দলের রাজনীতিতে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক অগ্রগতি থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত বুধবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ইতিবাচক ছিল। সব ধরনের সহিংসতা বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিসংতা বন্ধে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুস্পষ্ট অবস্থানকে সাধুবাদ জানান মার্কিন রাষ্ট্রদূত।
যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন তাঁর দেশের মন্ত্রী ব্যারোনেস ওয়ারসির বক্তব্য উল্লেখ করে বলেন, তিনি নির্বাচনের সাংবিধানিক বিষয়টি স্বীকৃতি দিলেও নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন। ওয়ারসির বক্তব্য উদ্ধৃত করে গিবসন আরও বলেন, গণতান্ত্রিক স্বচ্ছতা নিশ্চিত করা এ দেশের প্রতিটি দলেরই দায়িত্ব।
ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি উল্লেখ করে উইলিয়াম হানা বলেন, যাতে দ্রুত এবং সফল সংলাপ অনুষ্ঠিত হয়, সে জন্য ইইউ চেষ্টা করবে এবং সমর্থন জানাবে।
বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিএনপিকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রেক্ষাপট কূটনীতিকদের কাছে তিনি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কূটনীতিকদের সংলাপের তাগিদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার অবশ্যই সংলাপ চায়। তবে খালেদা জিয়া সংখ্যালঘুদের ওপর হামলার দায় যেভাবে সরকারের ওপর চাপিয়ে দিয়েছেন এবং নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়ার কথা উল্লেখ করেছেন, তাতে মনে হয়, বিএনপি আসলেই সংলাপ বা সমঝোতা চায় না।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই নির্বাচন নিয়ে কূটনীতিকদের পক্ষ থেকে সরকারের ওপর নৈতিক কোনো চাপ নেই। গতকালের বৈঠকেও কূটনীতিকেরা সরকারের ওপর চাপ আছে বলে কোনো বক্তব্য, বিবৃতি বা ইঙ্গিত পর্যন্ত দেননি।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে এ মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধি রয়েছেন। সেখানে নতুন করে প্রতিনিধিদল পাঠানোর মতো অবস্থা সৃষ্টি হয়নি।
জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়ে সরকারের আহ্বান প্রসঙ্গে কূটনীতিকদের প্রতিক্রিয়া আছে কি না—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁদের কোনো প্রতিক্রিয়া নেই। তাঁরা বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, মধ্যবর্তী, অন্তর্বর্তী, না পাঁচ বছর পরে নির্বাচন হবে, তা বলার সময় এখনো আসেনি।
বাংলাদেশ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা কিছু জানেন না। তবে বিরোধী দলকে সহিংসতা বন্ধ করতে বলা হয়েছে।