যত পরীক্ষার্থী বেড়েছে ঝরে গেছে তার চেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৭ হাজার ৩৭৩ জন। গতবার পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পত্র দেওয়া হয়েছে।পরীক্ষার আগ মুহূর্তে ঢাকাসহ দেশের বিভিন্ন কলেজের কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রবেশপত্রে বিষয় পরিবর্তনসহ বিভিন্ন কারণে কেউ কেউ প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ করেছেন। এসব অভিযোগ নিয়ে কিছু শিক্ষার্থী ও কলেজের শিক্ষক কয়েক দিন ধরে ঢাকা বোর্ডে আসছেন।সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এটা বোর্ডের ভুল নয়, কয়েকজন কলেজ অধ্যক্ষের দায়িত্বে অবহেলার কারণে এমনটি হয়েছে। এ রকম শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের মতো হতে পারে। অধ্যক্ষদের দোষ স্বীকারের মাধ্যমে বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৩ মে শুরু হয়ে ৬ জুন শেষ হবে। এবারই প্রথমবারের মতো নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে।মোট পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে সাত লাখ ৫০ হাজার ৮৫২, আলিমে ৮৫ হাজার ২২৬, এইচএসসি (বিএম) পরীক্ষায় ৮৬ হাজার ৪১৫ এবং ডিআইবিএস পরীক্ষায় চার হাজার ৩২১ জন অংশ নিচ্ছে। দুই হাজার ১৯৬টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশের চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। লিবিয়ার ত্রিপোলিতে তিনজনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তারা দেশে চলে আসায় দেশেই হবে তাদের পরীক্ষা। ১০টি বোর্ডে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল নয় লাখ ২৭ হাজার ৫১ জন। নিয়মিত এসব শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে সাত লাখ ৫৬ হাজার ৭১৫ জন। অর্থাৎ এক লাখ ৭০ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর, কারিগরি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।