যত পাতা, তত পাখি
দিন শেষে সূর্যের রক্তিম আভা যখন সন্ধ্যার হাতছানি দিচ্ছে, ঠিক তখনই আপন নীড়ে ফেরার প্রতিযোগিতায় মেতে ওঠে চড়ুই পাখিগুলো। আর তখন এখানকার মানুষও তাদের বকুল ফুলের গাছের আস্তানায় স্বাগত জানাতে অনেকটাই প্রস্তুত হয়ে যায়। এটি মানুষের প্রতি মানুষের নয়, পাখি ও মানুষের মধ্যে ভালোবাসা। পাখিদের নীরব দুষ্টুমিতে একটুও অতিষ্ঠ নয় বকুল ফুলের গাছের নিচের দোকানিরা। পাখিদের চেঁচামেচি, উপদ্রব আর মলমূত্রে দোকানিদের খাবার নষ্ট হলেও, পাখিদের প্রতি রয়েছে তাঁদের অগাধ ভালোবাসা। শুধু ভালোবাসা নয়, প্রতিদিন বিকেলে খাবারও খেতে দিতে হয়। আর কেউ যেন পাখি শিকার করতে না পারে, সেদিকেও নজরদারি রয়েছে তাঁদের। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট পর্যন্ত এক কিলোমিটার সড়কের চারমাথা মোড়ের একটি মার্কেটের সামনে সারিবদ্ধ তিনটি বকুল ফুলের গাছ। গাছগুলো সবুজ পাতায়-পাতায় ছেয়ে গেলেও গাছে যত পাতা রয়েছে, তার চেয়েও পাখির সংখ্যা যেন বেশি। গাছগুলোয় গড়ে উঠেছে পাখিদের নিরাপদ আবাসস্থল। লোকসমাগম আর যানবাহনের ভিড়ে সড়কটিতে প্রায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু তাতে কী? একটুও ভয় পায় না মানুষের ভালোবাসায় সিক্ত চড়ুই পাখিগুলো।চারমাথা মার্কেটের শান্তি স্টুডিওর মালিক স্বপন বসাক জানান, পাখিগুলো ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দল বেঁধে ছুটে বেরিয়ে পড়ে খাদ্যের সন্ধানে। দিনের আলোয় বিভিন্ন স্থানের খাল-বিল, নদী-নালা ও মাঠে খাদ্য আহরণ করে আবার ফিরে আসে সুখের এই নীড়ে। এই পাখি কেউ মারে না, ধরেও না। পাখিগুলোকে আমরা আগলে রাখি। দোকানদার রফিকুল ইসলাম জানান, পাখিগুলো ছয় থেকে সাত বছর ধরে বকুল ফুলের গাছগুলোয় বাসা বেঁধে থাকছে। পেয়েছে এখানকার মানুষের ভালোবাসাও। পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। স্থানীয় সাকিল কনফেকশনারির শাহীন ও দোকানদার বিমল কুমার জানান, পাখিগুলো গাছের নিচে নামে না। মার্কেটের ছাদে খাবার ছিটিয়ে দিলে সেখানে খাবার খায় ও গাছে আশ্রয় নেয়। স্থানীয় কবি মোস্তফা স্বাধীন বলেন, শীত ও গ্রীষঞ্চ—সব সময় পাখিদের আনাগোনা থাকে। এখানকার মানুষের ভালোবাসা পেয়েছে বলেই পাখিগুলো এই গাছে স্থায়ীভাবে বসবাস করছে। বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা গেছে, সূর্যের লাল আভা কমে আসার সঙ্গে সঙ্গে পাখিগুলো দূর-দূরান্ত থেকে ওই বকুল ফুলের গাছে আসতে শুরু করছে। গাছে বসার আগে পাখিগুলো মার্কেটের ছাদে, বৈদ্যুতিক তার ও খুঁটিতে বসে খানিকটা নিজেদের জিরিয়ে নেয়। এরপর গাছের ডালে ও পাতায় বসে আবারও হইহুল্লোড় আর চেঁচামেচি করে নিজের জায়গা করে নেয়। অল্প দূর থেকে মনে হবে, পাখিগুলো পাতায়-পাতায় ডানা মেলে আছে। কেউ ঘুমানোর চেষ্টা করছে, আবার কেউ বা চেঁচামেচিতে মেতে উঠেছে। হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, গাছের পাতায়-পাতায় পাখিদের এই অভয়ারণ্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। ব্যস্ত ছোট্ট শহরের এই সড়ক দিয়ে নতুন কোনো পথচারী যাওয়ার পথে একবার হলেও পাখিদের চেঁচামেচি দেখে একটু হলেও থেমে যান।