
অগণিত মুখ দেখা গেল কাল অমর একুশে গ্রন্থমেলায়। তাঁদের অনেকেই যেন প্রতীক্ষায় ছিলেন—কবে একুশ আসবে, কবে তাঁরা প্রাণের মেলায় মিলিত হতে পারবেন। তাই গতকাল রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই অনেকে ভাষা আন্দোলনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি বাংলা একাডেমি আয়োজিত মেলায় চলে আসেন। মেলামুখী জনস্রোত প্রবহমান ছিল দিনভর।
রাজধানীর বেগম বাজার থেকে আসা এনায়েত করিম একটি স্টল থেকে সস্ত্রীক ভিড় ঠেলে বেরিয়েই বললেন, ‘এ তো মেলা নয়, যুদ্ধ! দেড়-দুই ঘণ্টা রোদের মধ্যে ঘেমে-নেয়ে মেলায় ঢুকেছি। প্রবেশপথ আরও বেশি করা গেলে সময় অর্ধেক বেঁচে যেত।’
ভিড় বেশি হলেও মেলার বেচাবিক্রি আগের দুই দিনের চেয়ে খুব একটা আলাদা ছিল না। যত মানুষ ছিল, তত বিক্রি ছিল না। আসলে গতকালের দিনটি ছিল তরুণদের জন্য। অসীম ধৈর্য নিয়ে তাঁরা মেলায় এসেছেন। এদিক-ওদিক ঘোরাফেরা করেছেন, আড্ডা দিয়েছেন। বই কিনেছেন কম। প্রকাশক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
প্রথমায় নতুনের পাশাপাশি পুরোনো বইয়েরও চাহিদা: গতকাল সকাল থেকেই প্রথমা প্রকাশনের স্টলে ছিল ক্রেতাদের ভিড়। এ প্রতিষ্ঠানে গতকাল সাহিত্যিক আনিসুল হক ও শাকুর মজিদ বেশ খানিকটা সময় উপস্থিত থেকে ভক্তদের অটোগ্রাফ দেন। সোহরাওয়ার্দী উদ্যানের ২১৩ থেকে ২১৬ নম্বর প্রথমার স্টলের সামনে গতকাল অনেকে এসেছিলেন প্রথম আলো পত্রিকা থেকে কেটে নেওয়া কয়েকটি বইয়ের বিজ্ঞাপন হাতে নিয়ে। বিক্রি হতে দেখা গেছে সৈয়দ শামসুল হকের উপন্যাস দোয়েল নামের মেয়েটি, গোলাম মুরশিদের আধুনিকতার অভিঘাতে বঙ্গরমণী, কাইয়ুম চৌধুরীর কবিতার বই হাতের ছোঁয়ায় রোদের শিহরণ, শাকুর মজিদের ১০ সদর স্ট্রিট: রবীন্দ্রনাথের কলকাতা, বিশ্বজিৎ চৌধুরীর হে চন্দনা পাখিসহ বেশ কিছু নতুন বই। এ প্রতিষ্ঠানটির একজন বিক্রয় প্রতিনিধি জানালেন, নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইও খুঁজছেন অনেক পাঠক। পুরোনো বইয়ের মধ্যে এখনো বিক্রির শীর্ষে একাত্তরের চিঠি। এ ছাড়া মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ নাগরিকদের জানা ভালো, আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি ইত্যাদি।
মেলায় পাঠক সমাবেশ এনেছে আমিনুল ইসলাম ভুঁইয়ার অনুবাদ প্লেটো রিপাবলিক, আগামী প্রকাশনী এনেছে রশীদ হায়দারের আমার প্রেমের গল্প, অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে ফরিদ কবিরের আমার গদ্য, সময় এনেছে সাইদুজ্জামান রওশনের একটি হলুদ নিমপাতা, বটেশ্বর বর্ণন এনেছে স্বাগতম চাকমার আদিবাসী জুম্মজাতির ভবিষ্যৎ ইত্যাদি।

কবিতা দিয়ে দিনের শুরু: সকালে মানুষের বাঁধভাঙা জোয়ারের পাশাপাশি ছিল শতাধিক কবির সরব উপস্থিতি। একাডেমির মূল মঞ্চে সকাল সাড়ে সাতটা থেকে কবিরা কবিতা আবৃত্তি করেন। ১৩০ জন কবির কণ্ঠে ছিল আবেগঝরা কবিতা। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। বিকেল সোয়া চারটার দিকে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথমেই তিনি অ্যাডর্ন পাবলিকেশনসের স্টলে যান। সেখান থেকে তিনি বেশ কিছু বই কেনেন। এরপর তিনি অনন্যা, কাকলী প্রকাশনী, চন্দ্রাবতী একাডেমিসহ বেশ কয়েকটি স্টলে যান। বই নিয়ে কথা বলেন প্রকাশকদের সঙ্গে। কেমন লাগছে বইমেলা, বললেন, ‘মনে পড়ে, আগে বছরে এক শ থেকে দেড় শটি বই প্রকাশ পেত, এবার এই কয় দিনেই দুই হাজারের বেশি বই বের হয়েছে। এটা যে কত বড় সৃজনশীলতার বিকাশ, সেটা বলার অপেক্ষা রাখে না। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশ পেয়েছে তাঁর আত্মজীবনী সোনালি দিনগুলি।
বিকেলে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘আবাসন: বিশ্বে ও বাংলাদেশে’ শীর্ষক একুশে বক্তৃতা দেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সুদীপ চক্রবর্তীর পরিচালনায় থিয়েট্রেক্স বাংলাদেশ পরিবেশন করে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী রচিত নাটক কবর।
বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ দিনে মোট ২ হাজার ৬০৬টি নতুন বই এসেছে। এর মধ্যে ২১০টি নতুন বই এসেছে গতকালই।