যত ভোগান্তি এক কিলোমিটার রাস্তায়
রাস্তাজুড়ে মাটির স্তূপ। বৃষ্টি হলে জলকাদায় একাকার হয়ে পড়ে। শুষ্ক বা বর্ষা—দুই মৌসুমেই চালকদের যানবাহন ঠেলেঠুলে চালাতে হয়। রিকশা-অটোরিকশা অহরহ উল্টে ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসীর ভাষ্য, তাঁরা ‘বন্দী’ জীবন যাপন করছেন। এ ভোগান্তি সিলেট নগরের বোরহানউদ্দিন মাজারের সামনে থেকে কুশিঘাট পূর্ব বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তার জন্য।
এলাকাবাসীর অনেকে জানান, চলতি বর্ষা মৌসুমের মাস দুয়েক আগে প্রায় এক কিলোমিটারব্যাপী এ রাস্তার স্থানে স্থানে ইটের খোয়া ও পাথর উঠে খানাখন্দ তৈরি হয়। দুই মাস আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষ পাশের কুইটুক এলাকায় ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর জন্য পানির পাইপ বসাতে রাস্তা খোঁড়ে। তারা সংস্কার না করেই ফেলে রাখায় রাস্তাটির অবস্থা আরও অবনতি হয়েছে।
এরপর বৃষ্টির কারণে পুরো রাস্তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রোগী, বয়স্ক মানুষ, নারী ও শিশুরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভাঙাচোরা রাস্তার কারণে এ এলাকায় এখন অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করে না বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘রাস্তাটি এখন এলাকাবাসীর যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। নগরের ভেতরে এ ধরনের একটি রাস্তা সংস্কারহীন অবস্থায় দিনের পর দিন পড়ে রয়েছে, অথচ কারও কোনো মাথাব্যথা নেই। রাস্তা খারাপ থাকায় মানুষ কাম-কাজ ছাড়া ঘর থাকি বাইর অয় না। এক কথায় বন্দী থাকি।’
সরেজমিনে দেখা গেছে, গত বুধবার ভোরের সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে কাদা তৈরি হয়েছে। এর ফলে পথচারীদের হাঁটার সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহনগুলো জলকাদা মাড়িয়ে চলার সময় রাস্তার ময়লা পানি পথচারীদের শরীর-কাপড় ভিজিয়ে দিচ্ছে।
প্রচুর খানাখন্দ থাকায় যানবাহনও চলছে এঁকেবেঁকে। রাস্তার কিছু অংশের অবস্থা করুণ হওয়ায় যাত্রী নামিয়ে তবেই অটোরিকশা বা রিকশা ঠেলে চালকেরা অগ্রসর হন।
অটোরিকশাচালক ইসমাইল হোসেন বলেন, ‘বেশি টাকা না পাইলে এই রাস্তায় টিফ দিই না। এই রাস্তায় আইলেই একটা না একটা অঘটন ঘটবই। আইজ গাড়ির চাকা পাংচার অই গেছে। ইলা রাস্তা শহরঅ আর একটা নাই।’
কুশিঘাট রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে সিলেট শহরে যাচ্ছিলেন ব্যবসায়ী খালেদুজ্জামান। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘মাত্রই তো এক কিলোমিটার রাস্তা। পুরো রাস্তায় চলতে গিয়ে কেবল ঝাঁকুনিই সহ্য করতে হয়। এটি সংস্কার করতে আর কত টাকাই বা লাগে? সামান্য টাকা ব্যয় করলেই এ রাস্তা দিয়ে চলাচলকারী অর্ধলক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে রেহাই পেত।’
রিকশাচালক খায়রুল মিয়া জানান, এ রাস্তায় রিকশা চালাতে প্রচুর পরিশ্রমের দরকার হয়। মাঝে মাঝে রিকশার চাকা কাদায় আটকে যায়। এসময় যাত্রী নামিয়ে রিকশা টানতে হয়। তাই সচরাচর রিকশাচালকেরা এ রাস্তায় আসতে চান না।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান রাস্তাটির বেহাল অবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন পানির পাইপ বসাতে রাস্তাটি খুঁড়েছিল—এটি সত্য।
তবে বর্ষা মৌসুম চলে আসায় তখন সংস্কারকাজ করা সম্ভব হয়নি। গত সোমবার মেয়র রাস্তাটির অবস্থা সরেজমিনে দেখেছেন। শিগগির টেন্ডার আহ্বান করে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।’