যত ষড়যন্ত্রই হোক পরোয়া করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত ষড়যন্ত্রই হোক, আমি পরোয়া করি না। বাংলাদেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।’ তিনি বলেন, জীবন দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারও কাছে মাথানত করিনি, করবও না।’
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু রক্ত দিয়ে বাংলার মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুর সেই আরাধ্য কাজ ও স্বপ্ন যেকোনো মূল্যে সফল করতেই হবে। বাঙালি জাতির ভাগ্য আমাদের পরিবর্তন করতেই হবে।’ বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।
শেখ হাসিনা বলেন, ‘মা-বাবা, ভাইসহ সবাইকে হারিয়েছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার একটাই লক্ষ্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে বাঙালি জাতির মাথা হেঁট করে দেওয়া হয়েছিল, সেই বাঙালি জাতিকে বিশ্বদরবারে আবারও মাথা উঁচু করে দাঁড় করানো। দেশের মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে—এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ ১৫ আগস্ট এবং এর পরবর্তী ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘পঁচাত্তরের পর দেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? পৃথিবীর কোনো সভ্য দেশের ইতিহাসে নেই যে খুনিদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ও পুরস্কৃত করা হয়। কিন্তু এ দেশে তাই হয়েছে। পঁচাত্তর-পরবর্তী জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার তা-ই করেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর খুনি, নারী-শিশু ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যাকারীদের বিচার করেছি, বিচারের রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছি।’
আবেগজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র ১৫ দিন আগে সবাইকে রেখে স্বামীর কর্মস্থলে গিয়েছিলাম। কিন্তু ১৫ দিন পর সব শেষ হয়ে গেল। মানুষ একটি শোক সইতে পারে না। আর আমরা দুই বোন বাবা, মা, তিন ভাইসহ পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়েছি। আমাদের তখন কেউ ছিল না। নিঃস্ব-রিক্ত, এমনকি বাড়িহারা। যে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু আজীবন লড়াই-সংগ্রাম করেছেন, অনেক কষ্ট ভোগ করেছেন, যে বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন, যে বাঙালি জাতিকে বঙ্গবন্ধু নিজের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসতেন, দুর্ভাগ্য সেই বাঙালি জাতির হাতেই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। সারা বিশ্বের কাছে বিজয়ী জাতির উঁচু মাথা হেঁট করে দেওয়া হয়েছিল।’
সব শেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কর্মীরা সব সময়ই সঠিক সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে তা দেখেছি।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, লেখক সৈয়দ শামসুল হক, এম এ আজিজ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভায় বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।