যতই হামলা হোক, নির্বাচনে থাকব: তাবিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল

যতই হামলা ও নির্যাতন হোক না কেন নির্বাচন থেকে সরে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর কাজীপাড়ায় নির্বাচনী প্রচারকালে তাবিথ আউয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
তাবিথ আউয়াল অভিযোগ করেন, সোমবার কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগ জড়িত। ওই ঘটনায় নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। সরকার ও সরকারি দল সুষ্ঠু নির্বাচন চায় না।
এ ছাড়া বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং উদ্দেশ্যমূলকভাবে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাবিথ। তিনি বলেন, এখন পর্যন্ত সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন।
এর আগে সকালে মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারকালে তাবিথ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ সেনাবাহিনী নামানো দরকার। কারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না, আর পারলেও তা সঠিক গণনা করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তাবিথ সকাল সাড়ে আটটায় রাজধানীর মিরপুর-১০ সেকশনে ওয়াসার পানির ট্যাংকসংলগ্ন ‘হোপ ইন্টারন্যাশনাল স্কুল’-এর সামনে শহর পরিষ্কার অভিযানে অংশ নেন। এ সময় তিনি তাঁর ‘বাস’ প্রতীকে ভোট চান।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তাবিথ আউয়াল স্কুলের সামনে গাড়ির হর্ন না বাজাতে রাস্তায় চলাচলরত গাড়ির চালকদের অনুরোধ জানান। এরপর তিনি যান গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সমানে। সেখানে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্কুল আঙিনার গাছে পানি দেন। তাঁর স্বেচ্ছাসেবকদের সঙ্গে থাকা কয়েকটি ডাস্টবিন কয়েকটি চায়ের দোকানের পাশে স্থাপন করেন। এ সময় উপস্থিত জনসাধারণকে তিনি যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারের অনুরোধ জানান।
মিরপুরে জনসংযোগ চালানোর সময় মূল সড়কের মাঝে ডিভাইডারে যেসব গাছ রয়েছে তাতে পানি দেন তাবিথ। সকাল ১০টার দিকে মিরপুর থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে যান তিনি। টানা সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে তিনি আদাবর বাজার, ঢাকা উদ্যান, কৃষি মার্কেট, শ্যামলী, আগারগাঁও, বিএনপি বাজার, কাজীপাড়া, সেনাপাড়া, মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশন, ভাসানটেক, বালুরঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।