যতক্ষণ লাগবে ততক্ষণ নিরাপত্তা: আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যতক্ষণ নিরাপত্তা লাগবে, ততক্ষণ তাঁকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশের কাছে খালেদা জিয়া নিরাপত্তা চেয়েছেন বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
আজ সোমবার মুঠোফোনে প্রথম আলোকে এসব কথা জানান আসাদুজ্জামান খান।
খালেদা জিয়া নিরাপত্তা চেয়েছিলেন কি না—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিরাপত্তা চেয়েছেন। নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চেয়েছিলেন।
গতকাল রোববার বিকেল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নিয়েছেন। স্লোগান দিয়ে মিছিল করছেন।

এ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শুধু বিএনপির জন্য কি না—জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, নিষেধাজ্ঞা সবার জন্যই। ৫ জানুয়ারি উপলক্ষে আগে থেকেই দলের কিছু পরিকল্পনা ছিল। গতকাল যে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সে খবর হয়তো তাদের কাছে পৌঁছায়নি। আবার তাদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিএনপি দেশ অচল করে দিয়েছে বলে মনে করছেন কি না—জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, এমন কিছু মনে হচ্ছে না। নিরাপত্তার স্বার্থেই সরকার সবকিছু করছে।