যতবার আদেশ ততবার পুনর্বিবেচনার জন্য চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর জন্য যতবার আদেশ পাবেন, ততবারই এটি পুনর্বিবেচনার জন্য চিঠি পাঠাবেন।
গতকাল বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘ওরিয়েন্টেশন ট্রেনিং কোর্সের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ওই ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে ইতিমধ্যে দুই দফায় আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়। দুইবারই এই ভবন সুপ্রিম কোর্টের অনুকূলে দখল হস্তান্তরের বিষয়টি পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দেয় মন্ত্রণালয়।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ব্যবহার না করতে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক বলে তাঁরা মতামত দিয়েছেন। তিনি বলেন, দাঁড়িপাল্লা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লাকে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার না করার আদেশ জারি করেছেন। এই আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। প্রতীক নির্বাচনের এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে সরকারের আইন প্রণয়ন করার কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সংবিধানে স্পষ্টভাবেই লেখা আছে, এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। যদি আইন প্রণয়ন করতে হয়, তাহলে তিনিই বলবেন। রাষ্ট্রপতির নির্দেশনার জন্য তাঁরা অপেক্ষা করছেন।