যত্ন আর আনন্দে উদ্যাপিত হলো ওঁরাওদের ঝান্ডি উৎসব
বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ওঁরাও আদিবাসীদের গোয়াল পূজাকে ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘ঝান্ডি উৎসব বা সোহ্রাই’ গত সোমবার শেষ হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শুরু হয় এ উৎসব। নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে মহাসমারোহে এ উৎসব উদ্যাপন করে ওঁরাও জনগোষ্ঠী।
আদিবাসীদের সূত্রে জানা যায়, তিন দিনের এ উৎসবের প্রথম দিন ওঁরাওরা নিজ নিজ বাড়ি, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান ও সমাধিস্থলে মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে শুরু করে ‘সোহ্রাই’। পরদিন রোববার চলে গোয়াল পূজা, গবাদিপশুর বিশেষ যত্ন-আত্তি, বাড়িঘর ধুয়ে-মুছে, উঠোন নিংড়ে বয়স্করা হাড়িয়া পান করে লম্বা বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে গ্রামের মধ্যে ফাঁকা স্থানে নিয়ে পুঁতে রাখে। তারপর এর চারদিক ঘিরে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে নারী-পুরুষের নাচ-গান ও লাঠিখেলা। উৎসবের শেষ দিন সোমবার সকালে গ্রাম থেকে ঝান্ডি তুলে নিয়ে গ্রামের পাশের বড় মাঠে পুঁতে নাচ-গানের পাশাপাশি গ্রাম্য মেলার মধ্য দিয়ে শেষ হয় উৎসব।
সরেজমিনে গত রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউপির ওঁরাও আদিবাসী গ্রাম মাসনায় গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিটি বাড়ি ঝকঝক করছে। হালের লাঙল-জোয়াল, দা-কাস্তেসহ বাড়ির দরজার কপাট পর্যন্ত খুলে ধুয়ে-মুছে রোদে দিয়ে তাতে লাগানো হয়েছে চালের আটার গোলানি ও সিঁদুরের ফোঁটা। গবাদিপশুগুলোর শিংয়েও তেল-সিঁদুরের যত্ন। প্রতিটি বাড়ির গোয়ালঘরে হচ্ছে গৃহ ও গো দেবতার পূজা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আদিবাসী নেতা মদন কুমার বারোয়ার জানান, নাচোলের ওঁরাও গ্রামগুলো ছাড়াও পাশের নিয়ামতপুর উপজেলার নীলদিঘি, পাখিরা পাড়া, মানপুর ভিটাপাড়া, চৌরাসামরা, গোমস্তাপুর উপজেলার শেখপুরা, বসনইল, বেগপুর, কাশরইলসহ সব ওঁরাও গ্রামেই গোয়াল পূজা হয়।