যত্রতত্র আবর্জনা, নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার পাশে আবর্জনার স্তূপ। পথ চলতে অসুবিধা নগরবাসীর। সম্প্রতি হুমায়ুন রশীদ চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
রাস্তার পাশে আবর্জনার স্তূপ। পথ চলতে অসুবিধা নগরবাসীর। সম্প্রতি হুমায়ুন রশীদ চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

যত্রতত্র ময়লা-আবর্জনা। রাস্তার পাশ, বাসাবাড়ির সামনে, নর্দমায়, নদীর পাড়ে—সর্বত্র আবর্জনার স্তূপ। দিনে দুইবার ময়লা অপসারণের কথা থাকলেও তা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা করছেন না বলে অভিযোগ। সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নেই নজরদারি। এ অবস্থায় আবর্জনা অপসারণ নিয়ে সিলেট নগরে দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা। অসন্তোষ নগরবাসীর মধ্যে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, হুমায়ুন রশীদ চত্বর, মীরাবাজার, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, পাঠানটোলা, সুবিদবাজার, কাজীরবাজার, কালীঘাট, মাছিমপুর, ছড়ারপাড়, কামালগড়, শিবগঞ্জ, টিলাগড়, নাইওরপুল, সোবহানীঘাট, কদমতলী, লালদিঘির পাড়সহ অন্তত অর্ধশতাধিক জায়গায় আবর্জনা পড়ে রয়েছে।
কাজিরবাজার এলাকার সুরমা নদীর তীরবর্তী ব্যবসায়ী মাসুম বিল্লাহ বলেন, কোনো ধরনের নিয়ম-শৃঙ্খলা নেই। নদীর পাড়ে অসংখ্য সুপারি ও ফল-সবজির আড়ত। এসব আড়ত থেকে উচ্ছিষ্ট আবর্জনা নদীতীরে ফেলা হয়। তা থেকে ছড়ায় উৎকট দুর্গন্ধ। মীরাবাজার এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, এখানকার সিলেট মডেল স্কুলের সামনে একটি বড় ভাগাড় রয়েছে। এটি শুধু রাতে পরিষ্কার করা হয়।
নগরবাসীর অভিযোগ, বিভিন্ন ক্লিনিক তাদের বর্জ্যগুলো নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে রাতের আঁধারে ক্লিনিক থেকে কিছু দূরে নিয়ে ফেলছে। এ ছাড়া রেস্তোরাঁর পচা ও উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকসামগ্রীও রাস্তায় ফেলা হচ্ছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান হানিফুর রহমান বলেন, নগরে ১০টি ময়লা ফেলার বড় ভাগাড় (ডাস্টবিন) রয়েছে। বিভিন্ন পাড়া-মহল্লায় রয়েছে আরও অর্ধশতাধিক ছোট ভাগাড়। তাঁর দাবি, এসব ভাগাড় থেকে সকাল ও রাতে দুই বেলা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ করা হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীরা কাজে ফাঁকি দিচ্ছেন কি না, সেটাও নিয়মিত তদারক করা হয়।