যত্রতত্র আবর্জনা, সড়কে গর্ত দুর্ভোগ ৫০ হাজার বাসিন্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের​ গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা–আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে। সম্প্রতি পৌরসভার সিলেট–গোলাপগঞ্জ–জকিগঞ্জ সড়ক এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
সিলেটের​ গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা–আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে। সম্প্রতি পৌরসভার সিলেট–গোলাপগঞ্জ–জকিগঞ্জ সড়ক এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্রায় ৫০ হাজার বাসিন্দা আবর্জনা ও ভাঙাচোরা সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকায় যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা নিয়মিত পরিষ্কার করছে না পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি দীর্ঘদিন সংস্কার না করায় পিচঢালাই উঠে গিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। পৌরসভায় নয়টি ওয়ার্ড আছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌর শহরটি যেখান থেকে শুরু সেখানেই আবর্জনার স্তূপ। এর খানিকটা দূরে গোলাপগঞ্জ থানা। থানার বিপরীতেও রয়েছে আবর্জনার স্তূপ। শহরের উত্তর বাজার, কাঁচাবাজার, সিলেট-জকিগঞ্জ রোডের দাড়িপাতন এলাকা, চৌমোহনী এলাকা থেকে শুরু করে শহর ঘেঁষে প্রবাহিত সুরমা নদীর তীরে আবর্জনা ফেলা হচ্ছে। এসব আবর্জনা না সরানোর কারণে সারাক্ষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী দুলু মিয়া বলেন, যত্রতত্র আবর্জনা ফেলায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলে, ‘বিদ্যালয়ে যেতে-আসতে নাক চেপে যেতে হয়। দুর্গন্ধে বমি চলে আসে।’

ছয়জন পৌরবাসী বলেন, পৌরসভার নির্দিষ্ট কোনো ভাগাড় না থাকায় যত্রতত্র ময়লা ফেলার কারণে শহরটি নোংরা ও অপরিচ্ছন্ন থাকে সব সময়। এ ছাড়া এক থেকে দেড় বছর ধরে বেশ কয়েকটি রাস্তায় খানাখন্দ থাকলেও সেগুলো সংস্কার করা হচ্ছে না। ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে তাঁদের ভোগান্তি আর শেষ হয় না।

পৌরসভার একজন কর্মকর্তা বলেন, নয়জন পরিচ্ছন্নতাকর্মী পরিষ্কারের কাজ করছেন। তবে পৌরসভার কোনো নিজস্ব ভাগাড় নেই। আপাতত পৌরসভার দাড়িপাতন এলাকায় আবর্জনা ফেলা হচ্ছে। এ ছাড়া পৌরসভার অধীনে ৫০ কিলোমিটার পাকা এবং ২২ কিলোমিটার রাস্তা আধাপাকা। এসব রাস্তার অন্তত ২৫ শতাংশ ভাঙাচোরা।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সরস্বতী-সুরমা ডাইক সড়কের অবস্থা বেহাল। স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে পৌর শহরের বাজারে যাতায়াত করেন পৌরসভা ও পাশের বাঘা ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত দুই হাজার বাসিন্দা। এ ছাড়া পৌরসভার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়, ঘোগারকুল মাঝপড়া-এরাল বিল, ঘোগারকুল দক্ষিণ ও মাঝপাড়া গ্রামের সড়কের একাংশ, নিজগঞ্জ , রণকেলি, গোলাপগঞ্জ বাজার-বাইপাস সড়কের পিচঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ বলেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার করা হবে।