যত্রতত্র আস্তাকুঁড়, পথ চলা দায়
ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে আস্তাকুঁড় (ডাস্টবিন) গড়ে তোলা হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় লোকজন নির্দিষ্ট স্থানে না ফেলে সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সড়ক দিয়ে চলাচল করতে ভীষণ কষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ পৌর শহরের চরপাড়া, বাউন্ডারি রোড, সাবেহ আলী রোড, পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, হরিকিশোর রায় রোড, বাতিল কল মোড়, কাছারি এলাকাসহ বিভিন্ন সড়কের যত্রতত্র আবর্জনা ফেলে রাখা হয়েছে। প্রায় প্রতি রাতেই বৃষ্টি হওয়ায় ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে দুর্গন্ধ বের হচ্ছে। অনেক স্থানে ময়লা-আবর্জনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে সমস্যা হচ্ছে।
গতকাল রোববার দুপুরে শহরের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ও বাউন্ডারি রোড এলাকায় দেখা যায়, স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্গন্ধ থেকে রক্ষা পেতে নাক চেপে ধরে চলাচল করছে। এ সময় নুরুল আমিন নামের একজন পথচারী বলেন, আগে এমন ছিল না। প্রতিদিন সকালে ঘুম ভাঙার আগেই পৌরসভার গাড়ি আবর্জনা সরিয়ে সড়ককে পরিচ্ছন্ন করে রাখত। কিন্তু চার মাস ধরে এ কাজ করা হচ্ছে না। তাই পথ চলতে গেলে দুর্গন্ধের কারণে বমি বমি ভাব হয়। ময়মনসিংহ জিলা স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানায়, সড়কের পাশে পড়ে থাকা আবর্জনার কারণে তাঁদের পথ চলতে অসুবিধা হয়।
শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানায়, তিন-চার মাস ধরে পৌরসভার গাড়ি নির্দিষ্ট আস্তাকুঁড় থেকে আবর্জনা নেয় না। এ কারণে স্থানীয় লোকজন আবর্জনা সড়কের পাশে যত্রতত্র ফেলে স্তূপ করছে।
ময়মনসিংহ পৌরসভা সূত্রে জানা যায়, তিন বছর আগে শহরে মোট ৩২৮টি আস্তাকুঁড় ছিল। পরে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করার কাজ শুরু করার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানের আস্তাকুঁড়গুলো ভেঙে ফেলা হয়। বর্তমানে আস্তাকুঁড় আছে মোট ১৩৩টি। সাধারণ মানুষকে এসব আস্তাকুঁড়ে ময়লা-আবর্জনা ফেলার জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া, প্রায় সব আবাসিক এলাকা থেকে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে স্তূপ করা আবর্জনা দিনে তিনবার পৌরসভার গাড়িতে নির্দিষ্ট স্থানে ফেলার কথা। কিন্তু এখন এই কাজ নিয়মিত করা হচ্ছে না।
পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক দীপক মজুমদার বলেন, বৃষ্টি থাকলে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতে অসুবিধা হয়। এ কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক বলেন, বর্ষার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুতই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে এ সমস্যার সমাধান করা হবে।