যত্রতত্র গতিরোধক যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের পাকা সড়কগুলোতে যত্রতত্র গতিরোধক নির্মাণ করা হয়েছে। গতিরোধকের ওপর এবং পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন না থাকায় দুর্ঘটনা ঘটছে। গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে গত দুই বছরে আটজন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছেন।সরেজমিনে দেখা গেছে, শরীয়তপুর-নড়িয়া সড়কের নড়িয়া থানার সামনে থেকে ব্র্যাক কার্যালয় পর্যন্ত দূরত্ব মাত্র ২০০ গজ। এই জায়গায় চারটি গতিরোধক নির্মাণ করা হয়েছে। শুধু এখানে নয়, এমন অবস্থা শরীয়তপুরের অধিকাংশ সড়কে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সওজের অধীনে ১৩৮ কিলোমিটার এবং এলজিইডির অধীনে ৮২৯ কিলোমিটার সড়ক আছে। সড়কগুলোর পাশে অবস্থিত হাসপাতাল, মাদ্রাসা, প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি, হাটবাজার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গতিরোধক নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারেরা যখন সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ করেন, তখন স্থানীয় লোকজন তাঁদের ওপর চাপ সৃষ্টি করে গতিরোধক নির্মাণ করিয়ে নেন। এসব সড়কে দুই শতাধিক গতিরোধক রয়েছে।গতিরোধক নির্মাণ করার পর তার পাশে বা ওপরে রং দিয়ে নির্দেশনা চিহ্ন দেওয়া হয় না। এ কারণে সড়কে গতিরোধক আছে কি না, তা বোঝার উপায় থাকে না। গতিরোধকগুলো ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত উঁচু করা হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশাচালকেরা বেশি দুর্ঘটনার কবলে পড়েন। গতিরোধকের সঙ্গে ধাক্কা লাগলে চালক ও যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়ে যান।গত বছরের জুনে নড়িয়া-ভেদরগঞ্জ সড়কের গৈড্যা এলাকায় গতিরোধকের ওপর তুলে দিলে একটি মোটরসাইকেল উল্টে যায়। এতে ছিটকে রাস্তায় পড়ে মোটরসাইকেলের আরোহী সোহেল চোকদার (২৪) ও রানা সিকদার (২৬) নিহত হন। এভাবে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই মারা গেছেন।ভেদরগঞ্জ উপজেলার বাংলাবাজারের ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, এই বাজারের ১০০ গজে চারটি গতিরোধক নির্মাণ করা হয়েছে। এই সড়কের পাশে বাজার, আওয়ামী লীগের এক নেতার বাড়ি ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ কারণে স্থানীয় মানুষের অনুরোধে ঠিকাদার গতিরোধক নির্মাণ করে দিয়েছেন। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। সওজ শরীয়তপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোমজেদ হোসেন বলেন, ‘আমরা সড়কে কোনো গতিরোধক নির্মাণ করি না। সড়কে গতিরোধক নির্মাণ না করার জন্য সরকারি নির্দেশ আছে।’ এলজিইডির শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘স্থানীয় মানুষের চাপের মুখে ঠিকাদারেরা আমাদের কথা অমান্য করে গতিরোধক নির্মাণ করে দেন।’