যত্রতত্র গাড়ি থামানোয় মহাসড়কে যানজট হচ্ছে বলে মনে করেন পুলিশ ও পরিবহনমালিক-শ্রমিকেরা। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) সঙ্গে পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উভয় পক্ষ থেকে এ কথা বলা হয়।
ঈদ সামনে রেখে মহাসড়কে যান চলাচলব্যবস্থা নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজির সম্মেলনকক্ষে এই সভা হয়। এতে পরিবহনমালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতারা ছাড়াও রাজধানীর আশপাশের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা অংশ নেন। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে পরিবহনমালিক ও পুলিশ কর্মকর্তারা রাজধানীর আশপাশে যানজটপ্রবণ বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করেন।
সভায় সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে ঈদে ঘরমুখী যাত্রীদের সেবা নিশ্চিত করতে বলা হয়। কারও অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না বলে সভায় জানিয়ে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।
ডিআইজি বলেন, মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে শুধু তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নয়, তাঁকে গ্রেপ্তারও করা হবে। গাড়ি থামিয়ে মালিক আর শ্রমিক সংগঠনের নামেও কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পুলিশ, মালিক-শ্রমিকদের কোনো পক্ষের কোনো গাফিলতি না থাকলে ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি যেতে পারবেন। সে জন্য সমন্বয় করে কাজ করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দাবি করেন, মালিক-শ্রমিকদের কোনো সংগঠন গাড়ি থামিয়ে চাঁদাবাজি করে না। যারা সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাদের পরিচয় চাঁদাবাজই। এসব চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, তাঁদের কাছে অভিযোগ রয়েছে, ঈদের আগে লঞ্চ ও বাসমালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ইচ্ছে করে টিকিটের সংকট দেখিয়ে কালোবাজারিদের সুযোগ করে দিচ্ছেন। বাস-লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। লঞ্চে বয়া রাখতে হবে এবং বাসে একাধিক অতিরিক্ত চাকা রাখতে হবে।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি সাদেকুর রহমান বলেন, ‘আমাদের শ্রমিকেরা লোভে পড়ে নানা জায়গায় গাড়ি থামায়। অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেয়।’ এ ক্ষেত্রে তাঁরা মাঠপর্যায়ের পুলিশ সদস্য ও সার্জেন্টদের সহায়তা চান। তিনি ঈদের আগে মাঠপর্যায়ের পুলিশের ওপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরদারি করার অনুরোধ জানান।
শ্যামলী পরিবহনের মালিক ও গাবতলী বাস টার্মিনাল মালিক সমিতির নেতা রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাসশ্রমিকেরা স্থানীয় পুলিশের সহায়তা পেয়ে রাস্তায় গাড়ি থামিয়ে রাখেন। এতে যানজট হয়। এ ছাড়া ফেরিঘাটগুলোতে বিআইডব্লিউটিএর এক শ্রেণির কর্মকর্তা-শ্রমিকেরা ইচ্ছে করেই যানজট সৃষ্টি করে রাখেন। পুলিশের সার্জেন্ট ও শ্রমিকেরা মিলে ঝামেলা করেন। ফেরিসংকটের কারণে ঘাটগুলোতে যানজট লেগে থাকে।
সভায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঢাকার প্রবেশপথের কোনো সেতুর ওপর গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না।