যত্রতত্র নয়, পাথর ভাঙার মেশিন তিন মাসের মধ্যে নির্দিষ্ট জোনে নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা অনুসারে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট—এই পাঁচ উপজেলায় থাকা অনুমোদিত সব পাথর ভাঙার মেশিন একটি ক্রাশিং জোন স্থাপনা করে সেখানে তিন মাসের মধ্যে স্থানান্তর করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সময়ে এসব এলাকায় থাকা অননুমোদিত সব পাথর ভাঙার মেশিন (স্টোন ক্রাশিং মেশিন) উচ্ছেদ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। বিষয়টি চলমান তদারকিতে থাকবে জানিয়ে আদালত স্টোন ক্রাশিং স্থাপন নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই বছর আগে হওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে এ রায় দেওয়া হয়। রায়ের পর বেলার আইনজীবী মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সিলেট পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে ওই পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ৬০৬টি স্টোন ক্রাশার মেশিন কার্যক্রম পরিচালনা করছিল, যার মধ্যে ৫১২টি পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চলছিল। এ তালিকা ২০১৫ সালের।
ওই পাঁচ উপজেলায় অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত স্টোন ক্রাশার মেশিনের কার্যক্রম বন্ধে ও গ্রহণযোগ্য স্থানে এসব স্থানান্তরের নির্দেশনা চেয়ে ২০১৫ সালে ওই রিটটি করে বেলা। এতে বলা হয়, ক্রাশার মেশিনের শব্দ ও ধুলার কারণে এলাকাবাসী চর্মরোগ, সর্দি, মাথাধরা, কানে কম শোনাসহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে। বেশ কটি স্কুলের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে ও প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের মুখে পড়েছে।