যত্রতত্র পড়ে থাকে চিকিৎসাবর্জ্য

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রগুলোর নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই। এ জন্য কোনো ধরনের শোধন বা বিনষ্ট না করেই যত্রতত্র ফেলা হচ্ছে এসব বর্জ্য। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা শহরে সরকারি দুটি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। একটি ২৫০ শয্যার সদর হাসপাতাল, আরেকটি ২০ শয্যার মা ও শিশুমঙ্গল কেন্দ্র। এর বাইরেও রয়েছে বেসরকারি ২২টি ক্লিনিক ও ২৫টি রোগনির্ণয় কেন্দ্র। সরকারি এসব প্রতিষ্ঠানে নিয়মিত ছোট-বড় অস্ত্রোপচার হয়। প্রতিদিনই জমে বিপুল পরিমাণ চিকিৎসাবর্জ্য। অথচ সরকারি বা বেসরকারি কোনো চিকিৎসা প্রতিষ্ঠানেই বর্জ্য শোধন বা বিনষ্টের কোনো উদ্যোগ দেখা যায়নি।
সদর হাসপাতাল চত্বরের পশ্চিম অংশে ৯ সেপ্টেম্বর হাসপাতালের ইনসাইনেরেটরটি (চিকিৎসাবর্জ্য বিনষ্ট করার চুল্লি) নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। ইনসাইনেরেটরের পাশে ডাস্টবিন উপচে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চিকিৎসাবর্জ্য। শিশুবিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, ‘মাঝখানে বদলি হলেও আমি ২০ বছর ধরে ঠাকুরগাঁওয়ে আছি। তখন থেকেই আমি ইনসাইনেরেটরটি এ রকম নষ্ট দেখছি।’
শহরের মাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমান জানান, তাঁদের প্রতিষ্ঠানগুলোর বর্জ্য পৌরসভার ভ্যান এসে নিয়মিত নিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা ক্লিনিক্যালি ঝুঁকিপূর্ণ বর্জ্য নিজেরাই পুড়িয়ে ফেলি। অন্য বর্জ্য সুইপার দিয়ে ড্যাম্পিং করা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা কিছু বর্জ্য শহরের বিভিন্ন জায়গায় ফেলে থাকতে পারেন।’
সম্প্রতি সরেজমিনে শহরের টাঙ্গন নদের সেতুর পাড় ঘুরে দেখা গেছে, এক ব্যক্তি কাঁধে বস্তা নিয়ে চিকিৎসাবর্জ্য কুড়াচ্ছেন। তাঁর হাতে বা মুখে কোনো ধরনের আবরণী পর্যন্ত নেই। পায়ে নেই সামান্য স্যান্ডেল। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় ডাস্টবিন ও সড়কের পাশে রক্ত-পুঁজ মাখা গজ, রক্তের ব্যাগ ও স্যালাইন সেট পড়ে থাকতে দেখা যায়।
ঠাকুরগাঁওয়ের পরিবেশ আন্দোলনকর্মী আমিনুল ইসলাম বলেন, এখানকার অনেক ক্লিনিকই রাস্তার পাশের ডাস্টবিন ও খোলা জায়গায় বর্জ্য ফেলছে। রোদে শুকিয়ে এসব বর্জ্য থেকে বাতাসে রোগজীবাণু মিশে যাচ্ছে। আবার বৃষ্টির পানিতে মিশে মাটি ও ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়িয়ে পড়ছে।
ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের ভাষ্য, ক্লিনিক, হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে রক্ত, পুঁজ, দেহরস দ্বারা সংক্রমিত স্যালাইন সেট, জমাট বাঁধা রক্ত, ডায়রিয়া সংক্রামিত রোগীর কাপড়চোপড়, ব্যবহৃত সিরিঞ্জসহ ১১ ধরনের চিকিৎসাবর্জ্য উৎপাদিত হয়। এ ছাড়া ভয়াবহ ধরনের অ্যানাটমিক্যাল বর্জ্যের মধ্যে রয়েছে মানবদেহের কেটে ফেলা অঙ্গপ্রত্যঙ্গ, টিস্যু, গর্ভফুল বা গর্ভসংক্রান্ত বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে রয়েছে রেডিওঅ্যাকটিভ আইসোটোপ, তেজস্ক্রিয় বস্তু দ্বারা সংক্রমিত বর্জ্য, অব্যবহৃত এক্স-রে মেশিন হেড ইত্যাদি। বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এসব বর্জ্য শোধন ছাড়াই যত্রতত্র ফেলা হচ্ছে। নিয়ম অনুযায়ী, এসব বর্জ্য বিশেষভাবে সংরক্ষণ করে ইনসাইনেরেটরে বিনষ্ট ও শোধন করার কথা। অথচ ঠাকুরগাঁওয়ের সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালের একটিতেও তা করা হয় না।
রংপুরের পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেয় না পরিবেশ অধিদপ্তর। আর এ ছাড়পত্র না থাকলে আইন অনুযায়ী বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা প্যাথলজি চালানোর অনুমোদন পাওয়ার কথা নয়। ঠাকুরগাঁওয়ের কোনো ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রকে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়নি।
সূত্রটি আরও জানায়, পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ কার্যকরের আগে যেসব চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোকেও অবিলম্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। কোনো প্রতিষ্ঠান না নিলে তার কমপক্ষে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক থেকে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। তবে এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানকেই এ ধরনের দণ্ড পোহাতে হয়নি বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।
হাসপাতাল ও ক্লিনিকগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘চিকিৎসাবর্জ্য বিনষ্ট করার চুল্লি ব্যবহারের বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। পৌরসভা কর্তৃপক্ষ এসব বর্জ্য নিয়ে নিরাপদ দূরত্বে ফেলে আসে।’ আর সদর হাসপাতালের নষ্ট ইনসাইনেরেটরটি সম্পর্কে বলেন, ১৯৮৭ সালে হাসপাতাল প্রতিষ্ঠার সময়ই এ চুল্লিটি দেওয়া হয়। কয়েক মাস চলার পরই তা নষ্ট হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।