যত্রতত্র পশুর বর্জ্য না ফেলার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের মতো এবারও বিকেল চারটার মধ্যে কোরবানি দেওয়া পশুর বর্জ্য সরিয়ে নেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ঈদুল আজহা ও তার পরদিন বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ঈদের দিন সকাল ১০টায় পরিচ্ছন্নতাকর্মীরা তাঁদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। এ জন্য সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে দামপাড়ায় খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। বর্জ্য অপসারণ তদারকির জন্য একটি তদারকি দলও গঠন করা হয়েছে। করপোরেশনের নিয়মিত ২০০০ পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে আরও অতিরিক্ত ৫০০ জন নিযুক্ত করা হবে বর্জ্য পরিষ্কারের কাজে। ছোট-বড় মিলিয়ে সিটি করপোরেশনের ১৫০টি গাড়ি আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহার করা হবে। আবর্জনা স্থানে ১০ টন ব্লিচিং ছিটানো হবে। এ ছাড়া সিটি করপোরেশনের নিজস্ব ১২টি পানির গাড়ি ও ৪০টি পানির ভ্যান কোরবানির পশুর রক্ত ধোয়ার কাজে ব্যবহূত হবে।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় প্রতিবছর গড়ে প্রায় এক লাখ পশু কোরবানি দেওয়া হয়। এসব পশুর বর্জ্য হয় তিন হাজার টন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে জানিয়েছেন, ঈদে শহরকে পরিচ্ছন্ন রাখতে এ বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিন জবাই করা পশুর বর্জ্য ও নাড়িভুঁড়ি নর্দমাসহ যত্রতত্র না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নগরবাসীকে অনুরোধ জানান তিনি। বর্জ্য অপসারণ বিষয়ে ৬৩০৭৩৯ (নিয়ন্ত্রণ কক্ষ: দামপাড়া), ৬৩৩৬৪৯, ০১৭১২২৫২৬১৫ ও ০১৮৪২১৯৯১৯৯ নম্বরে যে কেউ যোগাযোগ করতে পারবেন।