যত্রতত্র পারাপার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন পদচারী–সেতু l ফাইল ছবি
নতুন পদচারী–সেতু l ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের নতুন পদচারী-সেতুটি চালু হওয়ায় লোকজনের যত্রতত্র রাস্তা পারাপার অনেকটাই কমেছে। ফলে একদিকে যান চলাচল কম বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি কমেছে। কিছুদিন আগেও দায়িত্বরত পুলিশ সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি রশি বেঁধে লোকজনের পারাপার নিয়ন্ত্রণ করতে হতো।
বিমানবন্দর চত্বর ঘেঁষেই নতুন পদচারী-সেতুটি নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর ২০ গজ সামনেই পুরোনো আরেকটি পদচারী-সেতু আছে। দূরত্বের কারণে আগের সেতুটি পথচারীরা ব্যবহারে আগ্রহী না হওয়ায় নতুন সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে নতুন সেতুটি চালুর আগে তাতেও লোকজন উঠবে কি না, তা নিয়েও সংশয় ছিল। নতুন সেতুটিতে আধুনিক চলন্ত সিঁড়ি (এসকেলেটর) থাকায় এবং চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিচ দিয়ে কাউকে সড়ক পার হতে না দেওয়ায় সারাক্ষণই এর ব্যবহার হচ্ছে।
পুরোনো পদচারী-সেতুতে উঠতে কিছুটা হাঁটতে হয় বলে লোকজন সেটি ব্যবহার না করে বিমানবন্দর চত্বরে আইন অমান্য করে সড়ক পারাপার হওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হতো। চত্বর এলাকা দিয়ে প্রতি মিনিটে অন্তত ৩০-৩৫ জন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতেন। কেউ হাত উঁচিয়ে, কেউ যানবাহনের সামনে দিয়ে দৌড়ে পার হতেন।
এ অবস্থা থেকে উত্তরণে আগের সেতুটির বদলে চত্বর ঘেঁষেই নতুন সেতুটি তৈরি করে ডিএনসিসি। প্রকল্পটি বাস্তবায়নের কাজ করেছে নারায়ণগঞ্জের বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। সাদা রঙের কাঠামোর নতুন পদচারী-সেতুটি ৬৫ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ৭ মিটার প্রস্থের।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই জনসাধারণের চলাচলের জন্য পদচারী-সেতুটি চালু করা হয়েছে। বিশেষ করে হজযাত্রীদের সড়ক পারাপারের অসুবিধা দূর করতে ৪ আগস্ট এটি খুলে দেওয়া হয়। আগামী বুধবার ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। সেতুটি খুলে দেওয়ার পর থেকেই লোকজন সারি বেঁধে এতে উঠছেন। এই পথের নিয়মিত যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘বেশি দূরত্বের কারণে আগের সেতুটায় ওঠা হতো না। চত্বর দিয়েই পার হতাম। কাছেই নতুন সেতু হওয়ায় সবাই এটি ব্যবহার করছেন।’