যত্রতত্র পারাপারে পথচারীদের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ হোটেল রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় যত্রতত্র পারাপার বন্ধে সপ্তাহব্যাপী সচেতনতা অভিযান শুরু হয়েছে। এ অভিযানে যত্রতত্র রাস্তা পারাপারের দায়ে পথচারীদের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ হোটেল রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় যত্রতত্র পারাপার বন্ধে সপ্তাহব্যাপী সচেতনতা অভিযান শুরু হয়েছে। এ অভিযানে যত্রতত্র রাস্তা পারাপারের দায়ে পথচারীদের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

রাজধানীর প্রধান সড়ক দিয়ে পথচারীদের যত্রতত্র পারাপার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত বসেছেন। নিয়ম অমান্য করে সড়ক পার হওয়ায় ইতিমধ্যে অনেক পথচারীকে দণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলামোটরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন। পরে ফার্মগেটেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে।
হোটেল রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়কে সাত দিন ভ্রাম্যমাণ আদালত বসবেন।
সড়ক পারাপারে নিয়ম ভঙ্গকারী পথচারীদের ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা হারে আর্থিক জরিমানা করা হচ্ছে। এ ছাড়া ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সোনারগাঁও মোড়ে ৮৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে জাকির নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বসার প্রথম দেড় ঘণ্টায় ৩৫ জনকে দণ্ড দেওয়া হয়।
পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য, সময় যত গড়িয়েছে, পথচারীদের মধ্যে সচেতনতা তত বেড়েছে। এ কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মভঙ্গকারীদের সংখ্যা কমে গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য রাজধানীর ব্যস্ততম এই সড়কে মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ পুলিশ সদস্য। সড়কের মোড়ে রাখা হয়েছে প্রিজন ভ্যান। সোনারগাঁও, বাংলামোটর মোড় কিংবা ফার্মগেট দিয়ে যত্রতত্র সড়ক পার হওয়ার সময় পথচারীদের বাধা দিচ্ছে পুলিশ। আইন লঙ্ঘনকারীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে। এরপর দোষীদের দণ্ড দিচ্ছেন আদালত।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ঘোষণা দেয়, সড়কে যত্রতত্র পারাপার ঠেকাতে ২৫ নভেম্বর থেকে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে কাজ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত।