যত্রতত্র পেট্রল বিক্রি বন্ধে অভিযান
কুষ্টিয়া, নাটোরের গুরুদাসপুর ও নেত্রকোনার পূর্বধলায় যত্রতত্র পেট্রল বিক্রি বন্ধে অভিযান শুরু করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়।
কুমিল্লায় পেট্রল, অকটেন ও ডিজেল খুচরা বিক্রি না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গুরুদাসপুর (নাটোর): গুরুদাসপুর শহরের চাঁচকৈড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার বলেন, সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে খুচরা পেট্রল বিক্রি বন্ধে গত ৩১ জানুয়ারি উপজেলার বাসিন্দাদের নিয়ে সচেতনতা সভা করা হয়।
কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অবৈধভাবে পেট্রল বিক্রির অপরাধে আল-আমিন নামের একজন জ্বালানি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাঁকে এ অর্থদণ্ড দেওয়া হয়। ইউএনও মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন জানায়, হরতাল-অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা হামলাসহ নাশকতা সম্পর্কে পেট্রল, ডিজেল ও কেরোসিন বিক্রেতাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তির কাছে পেট্রল বিক্রি না করা এবং পেট্রল ক্রেতাদের নাম-ঠিকানা ও গাড়ির নম্বর লিখে রাখার জন্য বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোটরসাইকেলসহ পেট্রলচালিত যানবাহনে তেল নেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির নাম-পরিচয় লিখে রাখার জন্য বুধবার জেলার সব কটি ফিলিং স্টেশনকে নির্দেশনা দিয়েছে পুলিশ। এ ছাড়া বোতলে ভরা পেট্রল বিক্রি বন্ধে ইতিমধ্যে নিজ নিজ উপজেলার নির্বাহী কর্মকর্তারা অভিযান শুরু করেছেন বলে জানা গেছে। জানতে চাইলে গতকাল পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, পেট্রলবোমা তৈরি যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
কুমিল্লা: জেলা প্রশাসন জানায়, ১৬টি উপজেলার ১১৪টি সিএনজিচালিত ফিলিং স্টেশন ও পেট্রলপাম্পের মালিকদের খুচরা জ্বালানি তেল বিক্রি না করার নির্দেশনা জারি করা হয়েছে। নাশকতা প্রতিরোধের লক্ষ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ফিলিং স্টেশন থেকে খুচরা জ্বালানি বিক্রি বন্ধ থাকবে। একই সঙ্গে যাদের কাছে জ্বালানি বিক্রি করা হবে তাদের নাম-ঠিকানা, গাড়ির নম্বর ও জ্বালানি তেলের পরিমাণ লিখে রাখতে হবে।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান বলেন, কেউ নির্দেশনা বরখেলাপ করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।