রাজধানীর যেখানে-সেখানে বহুতল ভবন নির্মাণ বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর-পর্বে বিএনপির সাংসদ রাশেদা বেগমের এক প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ঘনত্ব অনুযায়ী উচ্চতাভিত্তিক অঞ্চল নির্ধারণের মাধ্যমে যেখানে-সেখানে বহুতল ভবন নির্মাণ বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে রাজউক একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পটির দায়িত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া মাত্র কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তার আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
ফরিদা আখতারের প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, রাজউকের অনুমোদনহীন ও অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত পাঁচ হাজার বাড়ির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো অপসারণের কাজ চলছে। অননুমোদিত বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোশতাক আহমেদের লিখিত প্রশ্নের জবাবে মান্নান খান জানান, রাজউক এখন পর্যন্ত ৩২১টি ইমারতকে আপাতদৃষ্টে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশনের কাছে পাঠিয়েছে। সম্প্রতি সাভারের রানা প্লাজা ধসের পর রাজউক বুয়েটের প্রকৌশলীদের সমন্বয়ে আটটি কমিটি করেছে। তারা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করছে।
রাজধানীর উদয়ন স্কুলের ছাত্রীদের স্কুল ড্রেসের লম্বা হাতা কেটে ছোট করে দেওয়ার বিষয়ে বিএনপির আসিফা আশরাফী পাপিয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ঘটনাটির জন্য আমরা মর্মাহত। এ ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা যাবে না। যিনি এ কাজটি করেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, উনি আর শিক্ষক পদে থাকতে পারবেন না।’
সরকারি দলের তাজুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সাড়ে চার বছরে শিক্ষাবর্ষ জট কমানো ও শিক্ষাব্যবস্থার অন্যান্য ক্ষেত্রে অতুলনীয় সাফল্য অর্জিত হয়েছে। তবে ঘন ঘন হরতালের কারণে এসএসসি, এইচএসসিসহ অন্যান্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা কার্যক্রম হুমকির সম্মুখীন হচ্ছে। হরতালের কারণে অতিরিক্ত মানসিক চাপ পরীক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে।
হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাকে সরকার একটি নীতিমালার আওতায় আনতে চায়। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, শিক্ষাদানের বিষয় ও কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির জন্য কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন ২০১২ গঠন করা হয়েছে। কমিশন কওমি মাদ্রাসা শিক্ষানীতি ২০১২-এর খসড়া প্রণয়ন করেছে।
সিলেটের এমসি কলেজের একটি ছাত্রাবাসে আগুন দেওয়া-সংক্রান্ত একটি প্রশ্ন করতে গিয়ে বিএনপির সাংসদ শাম্মী আখতার বলেন, ‘সরকার দেশের গণতন্ত্রের পরিবর্তে গুন্ডাতন্ত্র চালু করেছে।’ প্রশ্ন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আপনার আপত্তিকর ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করা হবে।’