যত্রতত্র বালু রেখে বিক্রি, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন সড়ক ও পৌর শহরের আবাসিক এলাকার যত্রতত্র অবৈধভাবে বালু রেখে বিক্রি করায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিমুলতলী গ্রামের বাবুল হোসেন (৪৫) ও তাঁর ভাই আবু তাহের (৪৩) ও চাঁদপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৮) মির্জাপুর মোড় ও শিমুলতলীতে ঢাকা-দিনাজপুর মহাসড়কের দুই ধারে বালু রেখে বিক্রি করছেন। বিরামপুর-কাটলা সড়কের দুই ধারে বালু রেখে বিক্রি করছেন মুন্সিপাড়া গ্রামের শওকত আলী (৪৩), আবুল কালাম (৩৬) এবং সাহেব মণ্ডল (৪০)। ২ নম্বর কাটলা ইউনিয়নের ৫ নম্বর জ৭ওয়ার্ডের ইউপি সদস্য আখতারুল ইসলাম আতা (৩৮) কাটলার যেখানে-সেখানে বালু রেখে বিক্রি করছেন। কাটলার উত্তর রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হাই বলেন, ‘বিদ্যালয়ের পাশে ইউপি সদস্য আখতারুল ইসলাম বালু রেখেছেন। একটু বাতাস এলেই শ্রেণীকক্ষে এবং শিক্ষক-শিক্ষার্থীদের চোখে-মুখে বালু পড়ে। এতে অশান্তি বেড়েছে এবং পাঠদানে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের পাশে বালু রাখতে নিষেধ করার পর আখতারুল ইসলাম আরও বেশি করে বালু রেখেছেন।দিনাজপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, বালুর কণায় চোখের বিভিন্ন ধরনের সমস্যা হয়। চোখের মণিতে বালুর কণার ঘষা লাগলে কর্নিয়ায় আলসার হতে পারে। কাটলা ইউনিয়নের ইউপি সদস্য আখতারুল ইসলাম বলেন, বালু রাখায় বিদ্যালয়ের লেখাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। বাবুল হোসেন ও ইব্রাহীম হোসেন জানান, কেউ কিছু না বলায় তাঁরা বালু রেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগম জানান, সড়কের পাশে ও উন্মুক্তভাবে বালু রাখা ঠিক নয়। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।