যত্রতত্র বাস থামালে মামলা ও জরিমানা করা হবে
যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে মামলা করা ছাড়াও জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়। গতকাল রোববার সকালে উত্তরার আবদুল্লাহপুরে ট্রাফিক পুলিশ কার্যালয়ে পরিবহন মালিক ও চালকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
পবিত্র রমজান মাসে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও চালকদের সঙ্গে ডিএমপির ট্রাফিকের উত্তর বিভাগের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাফিকের উত্তরা বিভাগের সহকারী কমিশনার জিন্নাত আলী মোল্লা।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপকমিশনার প্রবীর কুমার রায় বলেন, চালকেরা যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি করেন। পথচারীদের রাস্তা পারাপার, চলন্ত গাড়িতে ওঠা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়, যানজট বাড়ে। কোনো চালক ইচ্ছাকৃত যানজট সৃষ্টি করলে ওই যানের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জরিমানা আদায় করা হবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসের কন্ডাক্টরকে যাত্রীদের অজ্ঞান পার্টি সম্পর্কে সচেতন করতে হবে। তিনি বলেন, নিষিদ্ধ হর্ন, বিকন লাইট রোগীসহ সবার বিরক্তির সৃষ্টি করে। এগুলো গাড়ি থেকে খুলে ফেলতে হবে।
তেঁতুলিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আ. ওয়াদুদ মাসুদ বলেন, এ দেশে অনেক কিছুই তৈরি হয়েছে। কিন্তু গাড়ির চালক তৈরি করার প্রতিষ্ঠান তৈরি হয়নি।