যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস, পেট্রল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে যেখানে–সেখানে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ। ছবিটি গতকাল শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে তোলা l প্রথম আলো
সৈয়দপুরে যেখানে–সেখানে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ। ছবিটি গতকাল শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে তোলা l প্রথম আলো

নীতিমালা লঙ্ঘন করে নীলফামারীর সৈয়দপুর শহরের যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার, পেট্রলসহ দাহ্য পদার্থ। ফলে যেকোনো সময় বিস্ফোরণ ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
অনুমোদিত পেট্রলপাম্প ছাড়া পেট্রলজাতীয় দাহ্য পদার্থ বিক্রির বিধান নেই। কিন্তু তা উপেক্ষা করে শহরের বাইরে গ্রাম এলাকার মোড়ে মোড়ে এলপি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি জারিকেন ও বোতলে পেট্রলসহ দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার দিনাজপুর সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, রংপুর রোড, ক্যান্টনমেন্ট সড়ক, দারুল উলুম মোড়, সাদ্দাম মোড়, বাঁশবাড়ী, মিস্ত্রিপাড়া, গোলাহাট প্রভৃতি এলাকায় এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। এমনকি সৈয়দপুর থানার প্রবেশমুখে খাতা-পেনসিল বিক্রির দোকানের বাইরে এলপি গ্যাসের সিলিন্ডার রেখে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী, কামারপুকুর বাজার, তোফায়েলের মোড়; কাশিরাম ইউনিয়নের হাজারীহাট, নেজামের চৌপথী, মুচিরহাট, চওড়া বাজার, কালার বাজার; খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট, খিয়ার জুম্মা; বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট, ঢেলাপীর; বাঙ্গালিপুর ইউনিয়নের চৌমুহনী, ডাঙ্গারহাট, বিএসসি মোড়, বিএনপি মোড়, পীরপাড়া মোড় প্রভৃতি এলাকায় মুদি ও রকমারি দোকানে পেট্রলের পাশাপাশি দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, সৈয়দপুরে অনুমোদিত পেট্রলপাম্প রয়েছে ছয়টি। এগুলো দিনরাত চালু রয়েছে। তারপরও বাইরে খোলামেলা পেট্রল বিক্রির প্রবণতা বেড়ে চলেছে।
এসবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা না করায় দিন দিন বেড়ে চলেছে দোকানের সংখ্যা। কোমল পানীয়র বোতলে ভরে পেট্রল বিক্রি করা হচ্ছে। এসব দোকানের পেট্রল ক্রেতাকে অনেক দোকানি চেনেন না বা জানেন না। এটি খুবই বিপজ্জনক। দুষ্কৃতদের হাতে পেট্রল চলে যেতে পারে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, সড়কের ধারে সাজিয়ে রেখে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা খুবই বিপজ্জনক। এ ছাড়া যত্রতত্র পেট্রল বা দাহ্য পদার্থ বিক্রির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
গতকাল সোমবার রাতে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যত্রযত্র বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।