যত্রতত্র ময়লা ফেললে জরিমানা: দক্ষিণের মেয়রের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন
সাঈদ খোকন

আগামী ১০ দিনের মধ্যে ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৫ হাজার ৭০০টি ময়লা ফেলার বিন বসে যাচ্ছে। এরপর কেউ যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করতে পারবে না। করলে জরিমানা গুনতে হবে। হুঁশিয়ার করে দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডের ফজলুল করিম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি বলেন, করপোরেশনের নির্ধারিত ডাস্টবিন ও কনটেইনারে সন্ধ্যা সাতটার পর ময়লা-আবর্জনা ফেলতে হবে।
ঢাকা ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় মেয়র বলেন, এ শহরকে নিজ বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের মতো ভালোবাসতে হবে। তাহলেই একে পরিচ্ছন্ন, বসবাস উপযোগী সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব হবে।
সাঈদ খোকন আরও বলেন, সাত-আট মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি অলিগলি ও পার্ক আলোয় ঝলমল করবে। কোথাও অন্ধকার থাকবে না। কোনো সড়ক আর ভাঙাচোরা থাকবে না। এবার সড়কে যে কাজ হচ্ছে তাতে ১০ বছরের মধ্যে আর কোনো কাজ করতে হবে না।
ঢাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুনীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মাদকদ্রব্য নিবারণ সংস্থার (মানস) সভাপতি অরূপ রতন চৌধুরী, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন। পরে অতিথিদের নিয়ে ইংলিশ রোডে এক প্রতীকী পরিচ্ছন্নতাকাজে অংশ নেন মেয়র।