যত্রতত্র ময়লার স্তূপ দুর্গন্ধে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এখানে ময়লা–আবর্জনা ফেলা নিষেধ’—লেখা সাইনবোর্ডের পাশেই ফেলা হচ্ছে ময়লা। ছবিটি গত বুধবার নোয়াখালী শহরের পিটিআই এলাকা থেকে তোলা l প্রথম আলো
‘এখানে ময়লা–আবর্জনা ফেলা নিষেধ’—লেখা সাইনবোর্ডের পাশেই ফেলা হচ্ছে ময়লা। ছবিটি গত বুধবার নোয়াখালী শহরের পিটিআই এলাকা থেকে তোলা l প্রথম আলো

নোয়াখালী শহরের প্রধান সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লার দুর্গন্ধে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এতে পথচারীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কের মাইজদী বাজার, নাপিতের পোল, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), পৌর বাজার, ফ্ল্যাট রোড, বিশ্বনাথ এলাকা ও বিভিন্ন শাখা সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে আছে।
পিটিআই ও ফ্ল্যাট রোড এলাকায় সড়কের পাশে ‘এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ, আদেশক্রমে—মেয়র, নোয়াখালী পৌরসভা’ লেখা সাইনবোর্ড টাঙানো হলেও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, দিনের পর দিন এসব ময়লা-আবর্জনা পড়ে থাকলেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তা অপসারণ করেন না।
পথচারী ইকবাল হোসেন বলেন, প্রায় সময় দেখা যায়, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন বাসাবাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভ্যানে করে রাস্তার পাশে রাখেন। কয়েক দিন ফেলার পর পৌরসভার গাড়ি সেসব ময়লা অন্যত্র নিয়ে যায়। তার আগ পর্যন্ত ময়লার দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে।
পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ প্রথম আলোকে বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত বিভিন্ন স্থানে জমা হওয়া ময়লা-আবর্জনা গাড়িতে করে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙিয়ে ময়লা না ফেলতে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু অনেকেই তা শুনছেন না। সাইনবোর্ডের পাশেই ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়।
মেয়র বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তার পাশে ময়লা রাখেন কি না, সে ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।