যত্রতত্র মরা মুরগি, রোগ ছড়ানোর শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গত মাসে বিভিন্ন রোগে কয়েক হাজার মুরগি মারা গেছে। এগুলো যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশদূষণ ও রোগব্যধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। প্রাণিসম্পদ বিভাগ বলছে, রোগে মারা যাওয়া মুরগি থেকে অন্যান্য খামার আক্রান্ত হতে পারে।গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে ও পোলট্রি খামারিদের সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় গত মাসে তীব্র শীতে রাণীক্ষেত, গাম্বুরাসহ বিভিন্ন রোগে ছয়-সাত হাজার মুরগি মারা গেছে। দিন বিশেক আগে জামালগঞ্জ-ইটাখোলা রাস্তার পাশে হাওয়াই বিলে এবং তুলসীগঙ্গা নদীর বিলের ঘাটে সেতুর নিচে, জামালগঞ্জ-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ চারমাথা এলাকায় শ্রীনদীর ধারে কে বা কারা রাতে বস্তাবন্দী অবস্থায় শত শত মরা মুরগি ফেলে রেখে যায়।আক্কেলপুরের ঘোষপাড়া গ্রামের পোলট্রি খামারমালিক মুকুল চৌধুরী জানান, গত মাসে রাণীক্ষেত, গাম্বুরা রোগে তাঁর ৯০০ মুরগি মারা গেছে। একই গ্রামের মনছুর রহমান জানান, তাঁর মারা গেছে ৭০০ মুরগি। সদর উপজেলার জামালপুর পুরান বাজারের নূরুল ইসলাম জানান, তাঁর সাড়ে তিন হাজার মুরগি মারা গেছে।জয়পুরহাট সোনালি মুরগি উৎপাদন ও বিপণন সমিতির সাধারণ সম্পাদক আরিফুর ইফতেখার আহম্মেদ জানান, মরা মুরগি থেকে ভাইরাস অন্যান্য খামারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মমতাজ উদ্দীন জানান, মরা মুরগি খোলা জায়গায় ফেলে দেওয়ার বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীনদীর ধারে পড়ে থাকা মরা মুরগি কুকুরে খাওয়ার পর এগুলোর উচ্ছিষ্ট গত বৃহস্পতিবার বিকেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল চন্দ্র পাল জানান, রোগে আক্রান্ত মুরগি বা কোনো পশুপাখি মারা গেলে অবশ্যই গর্ত করে তা মাটিতে পুঁতে রাখতে হবে। কারণ ওই সব মুরগি থেকে অন্যান্য খামার আক্রান্ত হতে পারে।