যত্রতত্র ময়লা ফেললে জরিমানা
কেউ যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করলে তাদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বংশাল থানাধীন ফজলুল করিম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সচেতনতাই শক্তি’ শীর্ষক এ সভার আয়োজন করে ঢাকা ফাউন্ডেশন।
সাঈদ খোকন বলেন, ময়লা ফেলার জন্য আগামী ১০ দিনের মধ্যে ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৫ হাজার ৭০০টি বিন বসানো শেষ হবে। এরপরও কেউ যত্রতত্র ময়লা ফেললে তাকে জরিমানা করা হবে। এ শহরকে সবাই নিজ বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের মতো ভালোবাসতে হবে। করপোরেশনের নির্ধারিত ডাস্টবিন ও কনটেইনারে সন্ধ্যা সাতটার পর ময়লা-আবর্জনা ফেলতে হবে। তাহলেই এ নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সুন্দর নগরে পরিণত করা সম্ভব হবে।
সাঈদ খোকন আরও বলেন, আগামী সাত থেকে আট মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি অলিগলি ও পার্ক আলো ঝলমল করবে। কোথাও অন্ধকার থাকবে না। কোনো সড়ক আর ভাঙাচোরা থাকবে না। এবার সড়কে যে কাজ হচ্ছে, তাতে আগামী ১০ বছরের মধ্যে আর কোনো কাজ করতে হবে না।
ঢাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুনীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মাদকদ্রব্য নিবারণ সংস্থার (মানস) সভাপতি অরূপ রতন চৌধুরী, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন। পরে অতিথিদের নিয়ে এক প্রতীকী পরিচ্ছন্নতা কাজে অংশ নেন মেয়র।