যত্রতত্র ময়লা ফেলায় ১৩ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় যত্রতত্র ময়লা ফেলায় ১৩ জনকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার নগরের মমিন রোড ও চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযানের নেতৃত্ব দেন।

নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, গত কয়েক মাস ধরে আমরা যত্রতত্র ময়লা না ফেলা ও গাড়ি পার্কিং না করার জন্য প্রচারণা চালিয়েছি। এ বিষয়ে সচেতনতার জন্য পুরো নগরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। আমরা তখন সবাইকে সতর্ক করেছিলাম যে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এ বিষয়ে আইন প্রয়োগ করা হবে। ঘোষণা অনুযায়ী অভিযান চালানো হয়েছে। এবং এখন থেকে এটি নিয়মিত চলবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, রাস্তায় ও নালায় ময়লা ফেলার জন্য ১৩ জন দোকানদারকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এঁদের সর্বনিম্ন তিন হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একজন অটোরিকশাচালককে অবৈধ পার্কিংয়ের জন্য এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।