যত্রতত্র যানবাহন রাখায় সংকুচিত মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ঠাকুরগাঁওয়ের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্রভাবে সড়কের ওপর যানবাহন রাখা হচ্ছে। এ কারণে মহাসড়ক দিয়ে যাতায়াতের জায়গা ছোট হয়ে যাচ্ছে। স্বাভাবিক গতিতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটায় যানজট বাড়ছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বর থেকে খাদ্য বিভাগের গুদাম পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ২৫০ গজ। মহাসড়কের এতটুকু অংশের দুই পাশে রাখা আছে ৬৯টি ট্রাক, ১২টি বাস ও ১৯টি ট্রাক্টর। শিক্ষার্থী ফিরোজ বলেন, ‘গাড়ি রেখে পুরো পথ বন্ধ করে দিয়েছে। রাস্তা দিয়ে যে হেঁটে যাব, তারও উপায় নেই। যানজটে রাস্তা বন্ধ তো হাঁটাও বন্ধ।’
এ ছাড়া ওই সড়কের দুপাশ ঘেঁষে রয়েছে ৩৪টি গাড়ি মেরামতের গ্যারেজ, ১৮টি যানবাহন যন্ত্রাংশের দোকান, একটি ট্রাক বন্দোবস্তকারী এজেন্টের কার্যালয় ও ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের বাসস্টপ। মেরামতের জন্য আসা গাড়ির ভিড়ে ও যাত্রী ওঠা-নামা করানোর জন্য যত্রতত্র বাস থামায় যানজট আরও বাড়ছে।
এই প্রতিবেদক সরেজমিনে থাকা অবস্থায় খাদ্য বিভাগের গুদামের দিকে থেকে মালবোঝাই একটি ট্রাক গোলচক্করের দিকে আসতে থাকে। অন্য দিক থেকে আসা আরেকটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাক দুটি আটকে যায়। এতে সড়ক বন্ধ হয়ে শুরু হয় যানজট। ট্রাফিক পুলিশের এক সদস্য ও স্থানীয় শ্রমিকেরা মহাসড়কের ওপর রাখা কয়েকটি ট্রাক সরিয়ে দিলে প্রায় আধ ঘণ্টা পর আবার যান চলাচল শুরু হয়। এ সময় রাস্তা দিয়ে চলাচলকারী ব্যবসায়ী আবদুল মোমেন বলেন, প্রতিদিন এ রাস্তায় গাড়ির জট লেগেই থেকে। ১৫ মিনিটের রাস্তা পার হতে লাগে আধা ঘণ্টা।
মহাসড়কের পাশে ট্রাক রাখার সময় কথা হয় মো. আলম নামে এক ট্রাকচালকের সঙ্গে। তিনি বলেন, চুয়াডাঙ্গা থেকে ফেরার সময় ভাড়া পেতে দালাল কার্যালয়ের (ট্রাক বন্দোবস্তকারী এজেন্ট) সামনে ট্রাক রেখেছেন। ট্রাফিক পুলিশের সদস্য মো. আসাদুজ্জামান বলেন, সড়কের ওপর ট্রাক-বাস রাখার কারণে দিনের বেশির ভাগ সময়ই এখানে যানবাহনের জটলা লেগে থাকে। প্রায়ই চালকদের অনুরোধ করে ট্রাক সরিয়ে নিতে বলা হয়। এর বিরুদ্ধে একবার ব্যবস্থা নেওয়ার সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছিল। তখন থেকে শ্রমিকদের অনুরোধ করেই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোনাফ খারুল ইসলাম জানান, অভিযান চালিয়ে মহাসড়কে দাঁড় করিয়ে রাখা বাস-ট্রাকচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও তা ধরে রাখা যায়নি। তবে ট্রাকের নির্দিষ্ট স্ট্যান্ড নির্মাণ করা হলে এ পরিস্থিতির উন্নতি হবে। ঠাকুরগাঁও পৌর মেয়র এস এম এ মঈন বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ট্রাকস্ট্যান্ড নির্মাণের জন্য পৌরসভা ও মোটর মালিক সমিতির যৌথ কমিটি করে দেওয়া হয়। কমিটি ট্রাকস্ট্যান্ডের উপযোগী জায়গা পাননি। জায়গার ব্যবস্থা হলে কাজ শুরু হবে।