যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর চার মাস পার হয়ে গেলেও এখনো আহত, নিহত ও নিখোঁজ সব শ্রমিকের স্বজনদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পোশাকশ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব শ্রমিক ও তাঁদের স্বজনদের যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছে বিভিন্ন পোশাকশ্রমিক সংগঠন। রানা প্লাজা ধসের ঘটনার চার মাস পূর্তিতে আয়োজিত কর্মসূচিগুলোতে গতকাল শনিবার এসব দাবি জানানো হয়।বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ উপলক্ষে পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ের সামনে গতকাল শনিবার প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে রানা প্লাজা ধসে হতাহতদের স্বজনেরা অংশ নেন।কর্মসূচিতে বক্তারা বলেন, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় অভাব ও অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন। অবিলম্বে সব ক্ষতিগ্রস্ত শ্রমিককে যথাযথ ক্ষতিপূরণ এবং তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ ছাড়া নিহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশ করতে হবে। গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা হাসান মারুফ, জুলহাসনাইন, আমিনুল ইসলাম ও রানা প্লাজার হতাহতদের নিখোঁজ স্বজনেরা।অন্যদিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, নিহত সব শ্রমিকের প্রতিজনকে ২৮ লাখ ও আহত প্রতিজনকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ বাবদ সংগৃহীত অর্থ অবিলম্বে বিতরণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক, সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন প্রমুখ।