যথাযথ নজর দিলে নবজাতকের মৃত্যু রোধ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। পাশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।   ছবি: প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। পাশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। ছবি: প্রথম আলো

প্রসব-পূর্ববর্তী, প্রসবের সময় ও প্রসব-পরবর্তী যথাযথ এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করা গেলে, আর কিছু কৌশল অবলম্বন করলেই নবজাতকদের বাঁচানো সম্ভব। কৌশলগুলো খুব ব্যয়বহুলও নয়।

গতকাল মঙ্গলবার প্রথম আলো আয়োজিত ‘প্রতিটি নবজাতককে বাঁচাতে হবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। তাঁরা বলেন, বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব প্রতিরোধ করতে হবে এবং হাসপাতাল বা সেবাকেন্দ্রে প্রসবে উদ্বুদ্ধ করতে হবে।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকে সহযোগিতায় ছিল জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে ৪৪টি জেলায় নবজাতকের মৃত্যুরোধে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করেছে সরকার। জুনের মধ্যে বাকি ২০টি জেলায় এ সেবা চালু করা হবে। প্রথমবারের মতো সরকারের সেক্টর প্রোগ্রামের আওতায় নবজাতকদের জন্য ৩৫০ কোটি টাকা সরাসরি বরাদ্দ পাওয়া গেছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল যাতে নির্বাচনী ইশতেহারে নবজাতকের মৃত্যু কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত করে, সেই আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ৫৫ শতাংশ মাতৃমৃত্যু ও ৭৩ শতাংশ নবজাতকের মৃত্যু ঘটছে বাড়িতে। বর্তমানে তিন হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হয়েছে। সরকার ৬৫ হাজার মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। তিনি বলেন, নবজাতকের শরীর দ্রুত মুছে দেওয়া, দেরিতে গোসল করানো, জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো, স্বল্প ওজন ও অপরিণত জন্ম নেওয়া নবজাতকদের মায়ের দুই স্তনের মাঝখানে ত্বকের সঙ্গে রাখাসহ (ক্যাঙারু মাদার কেয়ার) বিশেষ কিছু দিকে নজর দিলেই নবজাতকদের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী বলেন, বর্তমানে নবজাতকের মৃত্যুরোধে নীতিমালা, প্রশিক্ষণ কর্মসূচি থাকলেও আর্থিক সহায়তাসহ বিভিন্ন কারণে এসব প্রশিক্ষণ মাঝেমধ্যেই থেমে যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান নবজাতককে দ্রুত বুকের দুধ খাওয়ানো, মায়ের হাত ধোয়াসহ কিছু পদক্ষেপ নিলে নবজাতকের ৭৫ শতাংশ মৃত্যু কমানো সম্ভব বলে জানান।

ইউনিসেফের হেলথ ম্যানেজার চিকিৎসক জিয়াউল মতিন বলেন, নবজাতকের মৃত্যুর ৬০ শতাংশই ঘটে প্রসবের সময়।

ইউনিসেফের চিফ হেলথ মায়া ভেনদানেন্ট মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে সাফল্যে বাংলাদেশের প্রশংসা করে বলেন, বিশ্বের ১০টি দেশে ‘এভরি চাইল্ড অ্যালাইভ ক্যাম্পেইন’ পরিচালিত হচ্ছে।

অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ফিরোজা বেগম বলেন, কিশোরী মাতৃত্ব রোধে গুরুত্ব দিতে হবে। সরকারের প্রাইমারি হেলথ কেয়ারের পরিচালক চিকিৎসক খালেদা ইসলাম হাসপাতালে প্রসবের জন্য কমিউনিটিকে উদ্বুদ্ধ করার বিষয়টিতে গুরুত্ব দেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (নিউবর্ন অ্যান্ড চাইল্ড হেলথ) এমসিএইচ সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক ফরিদ উদ্দিন আহমদ নবজাতক মৃত্যুরোধে প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী সেবার হার বাড়ানোয় গুরুত্ব দেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের টেকনিক্যাল অফিসার চিকিৎসক আবু সাঈদ মো. হাসান বলেন, বিভিন্ন সেবা পেতে ধনী-দরিদ্র এবং গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে হবে। সেভ দ্য চিলড্রেনের (নিউবর্ন অ্যান্ড চাইল্ড হেলথ) মামণি এইচএসএস প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর চিকিৎসক সাব্বীর আহমেদ বলেন, পোলিও ও টিকাদান কর্মসূচির মতো নবজাতক মৃত্যুরোধে ক্যাম্পেইন চালাতে হবে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের সহকারী বিজ্ঞানী আহমদ এহসানুর রহমান বলেন, নবজাতক স্বাস্থ্য খাতে যে বরাদ্দ আছে, তার যথাযথ বাস্তবায়ন জরুরি। বাড়ি বা হাসপাতাল—যেখানেই নবজাতকের জন্ম হোক, তাতে ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ বলে মত দেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (অর্থ) জাহেরা খাতুন।