যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় বিষয়ে শুধু যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন। যা শুধু স্বেচ্ছায় গ্রহণযোগ্য। কিন্তু যেকোনো ধরনের বলপ্রয়োগ বা অন্যায্য প্রভাব প্রয়োগ করে নয়।
ফতোয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের আদেশ অংশে এসব কথা বলা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দেওয়া পূর্ণাঙ্গ রায়ে আরও বলা হয়, রাষ্ট্রের প্রচলিত আইনে কোনো ব্যক্তির অধিকার, মর্যাদা বা সম্মান ক্ষুণ্ন করে—এমন কোনো ধরনের ফতোয়া কোনো ব্যক্তি ঘোষণা করতে পারেন না এবং ফতোয়ার মাধ্যমে কোনো ব্যক্তিকে শারীরিক বা মানসিক নির্যাতনসহ এমন কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না।
২০১১ সালের ১২ মে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা উভয় আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়। এর সাড়ে তিন বছরের বেশি সময় পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেল।
সংখ্যাগরিষ্ঠ মতের পক্ষে মূল রায় লিখেছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এতে চার দফাসহ আপিল আংশিক মঞ্জুর করা হয়। তাঁর সঙ্গে একমত পোষণ করেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি মো. ইমান আলী। তবে ভিন্নমত পোষণ করে হাইকোর্টের রায় বাতিল বলেছেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
রায়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক লিখেছেন, একজন মুফতি, মাওলানা বা ইমাম ফতোয়া ঘোষণা করতে পারেন, যদি তাঁকে অনুরোধ করা হয়। কিন্তু তিনি দেশের কোনো আইন ভঙ্গ করতে পারেন না। একই সঙ্গে তাঁকে অন্যদের ফতোয়া বা মতামতের ব্যাপারে শ্রদ্ধাশীল থাকতে হবে।
সেই ঘটনাটি: ২০০০ সালের ২ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকায় নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের আতিথা গ্রামের এক গৃহবধূকে ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে দিতে বাধ্য করার বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এটা আদালতের নজরে এলে বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। রায়ে বলা হয়, বাংলাদেশের একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোনো আইন অনুযায়ী আইনসংক্রান্ত কোনো প্রশ্নে মতামত দিতে পারেন। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে।