যথাযথ সমীক্ষা ছাড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যথাযথ সমীক্ষা ছাড়াই সরকার তাড়াহুড়ো করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প হাতে নিয়েছে। বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভর করে নেওয়া এই প্রকল্পের এলাকাটিও ভূমিকম্পপ্রবণ। এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে তা সামাল দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই এই প্রকল্প নিয়ে অগ্রসর হওয়ার আগে আরও চিন্তাভাবনা করা দরকার।’
গতকাল শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের (ডেন) যৌথ উদ্যোগে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প: সম্ভাবনা ও উদ্বেগ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এ সভায় বাপার সহসভাপতি ও স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এম ফিরোজ আহমেদ সভাপতিত্ব করেন। সভায় মূল বক্তব্য দেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন।
আবদুল মতিন বলেন, ১৯৬১ সাল থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে বাংলাদেশে চিন্তা করা হলেও বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর প্রভাব বিবেচনায় এনে এ দেশে এটি নির্মাণের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি সরকার বেশ দ্রুততার সঙ্গে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সঙ্গে করা এই প্রকল্পের চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে এ পর্যন্ত সবই করা হয়েছে যথাযথ সমীক্ষা ছাড়া।
অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, ‘এ ধরনের একটি প্রকল্প নেওয়ার আগে অবশ্যই যথাযথ গবেষণা ও নিজস্ব অভিজ্ঞ মানবসম্পদ প্রয়োজন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সুপারিশ ও গাইডলাইনকে অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে যে চুক্তিগুলো করা হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি আমাদের দেশের বিশেষজ্ঞ ও গবেষকদের মতামত গুরুত্ব দিতে হবে।’
সভায় আইএইএর সাবেক পরিচালক, পরমাণুবিজ্ঞানী জসিমউদ্দিন আহমেদ বিশ্বের কয়েকটি পরমাণু বিস্ফোরণের ঘটনা তুলে ধরে বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হবে। প্রকল্পের ৩০ কিলোমিটারের মধ্যে প্রায় তিন লাখ মানুষ সরাসরি ক্ষতির শিকার হবে। তা ছাড়া পাবনার রূপপুর অন্যতম একটি ভূমিকম্পপ্রবণ এলাকা।’ তিনি বলেন, ‘ফুকোশিমার দুর্ঘটনার পর জার্মানিসহ অনেক দেশ সতর্ক হলেও এখন আবার কয়েকটি দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। তবে আমাদের বিশ্বের বিভিন্ন পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেন, ‘রানা প্লাজার মতো দুর্ঘটনা মোকাবিলায় আমরা হিমশিম খেয়েছি। পারমাণবিক বিস্ফোরণ ঘটলে তা আমরা কীভাবে সামাল দেব, সেটি ভেবে দেখতে হবে।’ তিনি বলেন, বিশ্বের ১৭টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গবেষণায় দেখা গেছে, এর রশ্মি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।