যথাযথভাবে নির্বাচন হয়েছে: মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুল মোবারক বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ সন্তোষজনক হয়েছে। নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট কি না সাংবাদিকেরা তা জানতে চাইলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবাণী। যথাযথভাবে নির্বাচন হয়েছে।’

ভোট গ্রহণ শেষে আজ রোববার সন্ধ্যার আগে এক ব্রিফিংয়ে এভাবে সন্তুষ্টি প্রকাশ করেন ভারপ্রাপ্ত সিইসি।

ভারপ্রাপ্ত সিইসি বলেন, ‘সহিংসতা না হওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি, প্রার্থনা করেছি। তা সত্ত্বেও কিছু কিছু কেন্দ্রে সহিংসতা হয়েছে। সহিংসতা আরও হতে পারে। কারণ, কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে।’

সহিংসতার কারণ সম্পর্কে আবদুল মোবারক বলেন, জয়ী হওয়ার জন্য প্রার্থীদের অদম্য স্পৃহা ও কামনার কারণে সহিংসতা হচ্ছে। যেকোনো কিছুর বিনিময়ে প্রার্থীরা জিততে চান। তাদের সন্তুষ্টির অভাব থেকেই এ সহিংসতা।

সহিংসতার জন্য আবদুল মোবারক রাজনৈতিক দলগুলোকেও দায়ী করেন। তিনি বলেন, ৩১ মার্চ আরেকটা নির্বাচন আছে। রাজনৈতিক দলগুলোকে বিনীত আহ্বান জানাই, তারা যেন নির্দলীয় নির্বাচনের আইনের প্রতি সম্মান করেন। দলীয়ভাবে নির্বাচন করতে চাইলে আইনে পরিবর্তন আনুন।

ভারপ্রাপ্ত সিইসি জানান, কমিশনের কাছে ফ্যাক্স ও টেলিফোনের মাধ্যমে বেশ কিছু অভিযোগ এসেছে। এর মধ্যে টেলিফোনের অভিযোগগুলো তদন্ত করে প্রমাণ পাওয়া যায়নি। ফ্যাক্সের ২০টি অভিযোগ আমলে নিয়ে কমিশন ব্যবস্থা নিয়েছে। এর ওপর ভিত্তি করে ১১টি উপজেলার ৩২ কেন্দ্র স্থগিত করা হয়েছে। এরমধ্যে আছে পটুয়াখালী সদরে আটটি ও দুমকীতে পাঁচটি কেন্দ্র, ঢাকার ধামরাইয়ে একটি, কুমিল্লার বরুড়ায় দুটি, মুন্সিগঞ্জের গজারিয়ায় আটটি, চুয়াডাঙ্গার জীবননগরে একটি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি ও সাতকানিয়ায় একটি, সিলেটের কানাইঘাটে একটি, কক্সবাজারের কুতুবদিয়ায় এটি ও নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি।