যথাযথভাবে বন আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন আইন সংশোধন ও প্রস্তাবিত বন্য প্রাণী আইন যথাযথভাবে প্রণয়নের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম। এই দাবিতে গতকাল শুক্রবার সকালে চিফ হুইপ আব্দুস শহীদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। চিফ হুইপের কমলগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে স্মারকলিপিদানকালে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জিডিসন প্রধান সুছিয়াং করডর, সহ-সাধারণ সম্পাদক পিলা পতমি, তথ্য ও গবেষণা সম্পাদক পরিমল সিং বাড়াইক প্রমুখ।স্মারকলিপিতে বলা হয়েছে, সরকার বর্তমান বন আইনের সংশোধন এবং বাংলাদেশ বন্য প্রাণী আইন, ২০১০ নামে একটি আইন তৈরির খসড়া প্রস্তুত করেছে, যা আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। কিন্তু মৌলভীবাজার তথা সিলেট বিভাগের বিভিন্ন বন এলাকায় বসবাসকারী জনগণ কিংবা তাদের প্রতিনিধিত্বকারী কোনো সামাজিক বা নাগরিক সংগঠনের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। স্মারকলিপিতে বলা হয়েছে, বন আইনের সংশোধন এবং প্রস্তাবিত বাংলাদেশ বন্য প্রাণী আইন যাতে বনবাসী এবং বনজীবীদের নতুনভাবে হয়রানির হাতিয়ারে পরিণত না হয়, সে জন্য আইনটি সংসদে উপস্থাপনের আগে আদিবাসী প্রতিনিধি, আদিবাসী সংগঠন, স্বার্থসংশ্লিষ্টদের উপযুক্ত প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় জরুরি। বনের ওপর নির্ভরশীল আদিবাসী জনগণকে বারবার প্রাকৃতিক বনভূমি থেকে উচ্ছেদ করে উন্নয়নের নামে বনভূমি দখল ও উজাড় করা হচ্ছে। আদিবাসী জনগণ ও প্রাকৃতিক বনভূমি উভয়েই আজ উন্নয়নের নির্মম শিকার। তাই অবিলম্বে বন আইন ও প্রস্তাবিত বন্য প্রাণী আইন যথাযথভাবে সংশোধন এবং প্রণয়নের ব্যবস্থা নিশ্চিত করতে চিফ হুইপের কাছে দাবি জানানো হয়েছে।